আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট ঘটনাগুলো শ্রীপুরের জন্য উদ্বেগজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরে চলতি মাসে ফেনসিডিল উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাই, শিল্প-কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ভাঙচুরসহ ১৯টি উল্লেখযোগ্য ঘটনা আইনশৃঙ্খলা-পরিস্থিতির জন্য উদ্বেগজনক। গতকাল বৃহস্পতিবার মাসিক সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ এ কথা বলেন।তেলিহাটী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল বলেন, শ্রমিকদের বেতন না দেওয়া, বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের সড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের ঘটনায় চিহ্নিত লোকদের নামে মামলা না দিয়ে শ্রমিক নন, এমন সাধারণ মানুষের নামে মামলা দিয়ে হয়রানি করার মাধ্যমে পোশাকশিল্পে পরিকল্পিতভাবে অসন্তোষ সৃষ্টি এবং তা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিছু পোশাকশিল্পের মালিক। প্রহ্লাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ আকন্দ বলেন, ইউনিয়নের মারতা গ্রামের একই স্থানে গত সাত বছরে সাতটি খুনের ঘটনা ঘটেছে। চার দিন আগে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। কিন্তু সেসব ঘটনা চুরির মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, যে ১৯টি ঘটনার কথা বলা হয়েছে, সেগুলোর বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া চলতি মাসে বিভিন্ন অপরাধের জন্য ৩৭টি মামলা হয়েছে।সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুর রউফ, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।