আইনসচিবের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে শুনানি ২২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আবেদনের শুনানি ২২ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানিতে রিট আবেদনকারীপক্ষ বলেছে, বিবাদীপক্ষ শুনানি করতে চাইছে না। এর জবাবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, কয়েক দিনের জন্য আকাশ তো ভেঙে পড়ছে না।

গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য ২২ আগস্ট পরবর্তী দিন রাখেন।

৬ আগস্ট অবসরোত্তর ছুটি বাতিল করে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরদিন থেকে এই নিয়োগ কার্যকর হয়। চুক্তিভিত্তিক নিয়োগ ও যোগদান-সংক্রান্ত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ-উজ-জামান রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৮ আগস্ট হাইকোর্ট রুল দিয়ে ১০ আগস্ট শুনানির দিন রাখেন। রুলে এই চুক্তিভিত্তিক নিয়োগ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

১০ আগস্ট রিট আবেদনকারীপক্ষ চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত চেয়ে আবেদন দাখিল করে। সেদিন রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ আগস্ট পর্যন্ত সময় মঞ্জুর করেন।

গতকাল শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চেয়ে বলেন, ‘উনারা (রিট আবেদনকারীপক্ষ) একটি দরখাস্ত দিয়েছে। এ বিষয়ে জবাব দিতে হবে।’ রিট আবেদনকারীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, গত সপ্তাহে তারা (রাষ্ট্রপক্ষ) এক সপ্তাহ সময় নিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদন দিয়েছেন, এর জবাব দিতে হবে না?

তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘জবাব দেন, আবেদনটি আইনি পয়েন্ট নিয়ে। উনারা (রাষ্ট্রপক্ষ) শুনানি করতে চাইছে না।’ অ্যাটর্নি জেনারেল বলেন, কয়েক দিনের জন্য আকাশ তো ভেঙে পড়ছে না। আদালত বলেন, ‘উনারা জবাব দেবেন, আর উনাদের হচ্ছে আইনি পয়েন্টে (আইনি দিক)।’ এ সময় আইনসচিবের পক্ষে আইনজীবী শেখ ফজলে নূর তাপস বলেন, অবকাশের পর রাখা যেতে পারে।

অ্যাটর্নি জেনারেলকে আদালত বলেন, জবাব লিখতে কত দিন সময় লাগবে? এক বছর? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘না না, আশা করি আজ (বৃহস্পতিবার) প্রস্তুত করা যাবে।’ তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘সেদিন শুনানি করেছি, স্থগিতাদেশ চেয়ে করা আবেদন শোনেন।’

এ সময় আইনসচিবের পক্ষের আরেক আইনজীবী এ এম আমিন উদ্দিন বলেন, জবাব দিতে হবে, জ্যেষ্ঠ আইনজীবীরা দেখবেন। এ সময় এ জে মোহাম্মদ আলী বলেন, ‘উনার (অ্যাটর্নি জেনারেল) চেয়ে সিনিয়র আছে কি না?’ আদালত বলেন, শুনানি করেন। তখন অ্যাটর্নি জেনারেল বলেন, জবাব দিতে হবে, সময় দেন। মূল আবেদনের জবাব দিতে হবে। অন্যদেরও দিতে হবে। বন্ধের আগে কত কাজ আছে। এ জে মোহাম্মদ আলী বলেন, দম না যাওয়া পর্যন্ত কাজ থাকবে।

আদালত বলেন, সোমবার রাখি। একপর্যায়ে এ এম আমিন উদ্দিন বলেন, রুল শুনানির জন্য প্রস্তুত হতে হবে। তখন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, সময় দেন, অবকাশের পরে রাখেন। আদালত বলেন, ‘আপনি কার পক্ষে?’ জবাবে আবদুল বাসেত মজুমদার বলেন, ‘৯ নম্বর বিবাদীর (আইনসচিব) পক্ষে। হলফনামা আকারে প্রস্তুত করতে পারিনি। সামনে কোরবানির ঈদ, অবকাশের পরে রাখলে তাদের ক্ষতি হবে না।’ তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘আমার ক্ষতি আমি বুঝব, আপনার লাভ আপনি বোঝেন। চেয়ারম্যানের (বার কাউন্সিল) পর ভাইস চেয়ারম্যান বলছেন।’ আদালত বলেন, সোমবার আসেন।

এ সময় আইনসচিবের পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘বন্ধের পরে রাখেন, আর্জেন্সি দেখছি না।’ আদালত বলেন, ‘আমাদের দুই পক্ষ দেখা লাগে।’ পরে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) পরবর্তী দিন রাখেন আদালত।

আদালতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট আবেদনকারীপক্ষে এ জে মোহাম্মদ আলীর সঙ্গে ছিলেন আইনজীবী মো. সালেহ উদ্দিন।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আইনসচিবের মামলায় বৃহস্পতিবার (গতকাল) সময় চেয়েছি। তারা (রিট আবেদনকারীপক্ষ) স্থগিত চেয়ে যে দরখাস্ত দিয়েছে, এর জবাব দিতে হবে। মূল মামলার যে জবাব সেটি বৃহস্পতিবারের ভেতর দায়ের করতে পারব। এসব বলে সময় চেয়েছিলাম। আগামী মঙ্গলবার এটি শুনানির জন্য আসবে, মূল মামলা না, স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করেছে, সে আবেদনটি।’