আইনসম্মতভাবে ক্রসফায়ার হচ্ছে: আইজিপি
ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধে যেসব মৃত্যুর ঘটনা ঘটছে, তা আইনসম্মতভাবেই হচ্ছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, পুলিশের আত্মরক্ষার অধিকার আছে। পুলিশ যখন আক্রান্ত হয়, তখন আত্মরক্ষার্থে গুলি চালায়।
গতকাল রোববার ঢাকায় পুলিশ স্টাফ কলেজে শুরু হওয়া দুই সপ্তাহের এক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শহীদুল হক। বাঘ আছে এমন দেশগুলোর পুলিশ ও বন বিভাগকে বাঘ রক্ষার ওপরে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইজিপি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা এখন যথেষ্ট ভালো রয়েছে। যাদের কারণে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, তাদের দমন করতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
ক্রসফায়ারে ছাত্রলীগের ছেলেরা মারা যাচ্ছে, এ সম্পর্কে আপনার মন্তব্য কী—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলের আশ্রয়ে ব্যক্তিস্বার্থ অর্জনের জন্য কাজ করে। ফলে তাদের সন্ত্রাসী হিসেবেই বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্লগার হত্যায় নেপথ্যের ব্যক্তিরা ধরা পড়ছে না কেন—এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ইতিমধ্যে ব্লগার হত্যার সঙ্গে জড়িত অনেককে সাধারণ মানুষ ধরে পুলিশে সোপর্দ করেছে। পুলিশও অনেককে আটক করেছে। ব্লগার হত্যায় জড়িত ব্যক্তিদের পুলিশ খুঁজছে। একদিন না একদিন তারা অবশ্যই ধরা পড়বে।