মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ এনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ঢাকার কলাবাগানের বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মাহফুজ মিয়া। গতকাল শনিবার মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আবেদন জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহফুজ মিয়া বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ভূমিদস্যু বসুন্ধরার সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের আগ্রাসী জবরদখল ও ধ্বংসাত্মক কার্যকলাপে দিশেহারা অসহায় ও বিপন্ন হয়ে আইনানুগ সব পন্থায় ব্যর্থ হয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।’ মাহফুজ মিয়া জানান, ‘ঢাকা-চট্টগাম মহাসড়কের ভবেরচরে ভিটিকান্দি মৌজায় ১৪১ নম্বর দাগে তাঁর ২৬ শতাংশ জমি আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বসুন্ধরা সীমানা প্রাচীর ভেঙে দখল করার চেষ্টা চালায়। এ ব্যাপারে একাধিকবার পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি। গত ২ ফেব্রুয়ারি ভোরে বসুন্ধরার কর্মকর্তা ও সন্ত্রাসীরা তাঁর ওই জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা করতে গেলে অনেক গড়িমসির পর গত ৫ ফেব্রুয়ারি মামলা তালিকাভুক্ত করা হয়। তবে মামলার কোনো অগ্রগতি নেই। আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে যাচ্ছে না। আসামিরা উল্টো তাঁকে হুমকি দিচ্ছে।’ মাহফুজ মিয়া অভিযোগ করেন, ‘গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমার মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তাঁর ভূমিকা তুলে ধরে একটি লিখিত অভিযোগ গত ৯ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ পুলিশ সুপার বরাবর আবেদন করেছি। কিন্তু এখনো তিনি কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।’সংবাদ সম্মেলনে অভিযোগ প্রসঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বসুন্ধরা গ্রুপের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।এ ব্যাপারে পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘থানায় করা মামলার অগ্রগতি কতটুকু হয়েছে, এ মুহূর্তে তা বলতে পারব না।’ অসহযোগিতার ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে করা লিখিত অভিযোগ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘অভিযোগ করলে এ ব্যাপারে অবশ্যই তদন্ত করার জন্য কাউকে বলেছি। তবে এ মুহূর্তে এ ব্যাপারে কিছু বলতে পারছি না।’