ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে আইনি জটিলতা রয়েছে, তা নিরসনের উদ্যোগ নিতে যাচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয়েছে। ওয়ার্ডের সীমানা নির্ধারণ না হওয়ায় ১৬ জানুয়ারি পর্যন্ত ঢাকা সিটি নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। নির্বাচন কমিশন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। কমিশন সচিবালয় সূত্র জানায়, এ বিষয়ে আলোচনার জন্য গতকাল জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক ও কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান।আবু আলম মো. শহীদ খান বলেন, ‘আইনি জটিলতার নিষ্পত্তিতে সরকার ও কমিশন একসঙ্গে কাজ করবে। আমরা আদালতে বিদ্যমান সীমানাতেই নির্বাচন করার কথা জানাব। নতুন করে সীমানা নির্ধারণ করতে গেলে মামলার আশঙ্কা আছে।’কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক বলেন, ‘মামলার নিষ্পত্তি না হলে ঢাকা সিটিতে নির্বাচন করা সম্ভব নয়। তাই আমরা আদালতের দিকে তাকিয়ে আছি।’