আইনি জটিলতায় আটকে আছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।পদোন্নতিবঞ্চিত ১১ জন শিক্ষকের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০১০ সালের ৬ ডিসেম্বর শিক্ষকদের পক্ষে রায় দিলেও পরে এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। এ কারণে জটিলতা কাটছে না। রিট নিষ্পত্তি না হওয়ায় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদের বিপরীতে ৬৫ শতাংশ পদে পদোন্নতির প্রক্রিয়া বন্ধ আছে।জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। আমরা মোকদ্দমার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে পদোন্নতি দিতে চাই।’অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, তাঁরা শিক্ষকদের পক্ষে ইতিবাচক পথেই এগোচ্ছেন।পদোন্নতিবঞ্চিত শিক্ষকেরা জানান, ১৯৮৬-৮৭ সালে সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় উন্নয়ন খাতে সাত হাজার ১৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়। পরে ১৯৯১ সালের জুন মাসে তাঁদের রাজস্ব খাতে নেওয়া হয়। কিন্তু এই শিক্ষকদের সবার চাকরি যথাসময়ে নিয়মিত করা হয়নি। এ কারণে পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা গণনার ক্ষেত্রে তাঁরা পিছিয়ে পড়ছেন। অথচ এই শিক্ষকদের অনেকেই নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী যথাসময়ে সার্টিফিকেট ইন এডুকেশন (সি-ইন-এড) প্রশিক্ষণ নিয়েছেন।পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০০০ সালে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব বাজেটে স্থানান্তরিত পদধারীদের নিয়মিতকরণ ও জেষ্ঠ্যতা নির্ধারণ বিধিমালা, ১৯৯৫ অনুযায়ী নিয়মিতকরণের নির্দেশনা দেয়। এই বিধিমালা অনুযায়ী নিয়মিতকরণের তারিখ থেকে গ্রেডেশন তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট শিক্ষকদের পদোন্নতির বিষয়টি চালু করা হয়।এরপর রিট আবেদনকারী শিক্ষকসহ অনেক শিক্ষকের চাকরি নিয়মিত করা হয়েছে ২০০৩, ২০০৪ এমনকি ২০০৭ সালে। কিন্তু পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা নিরূপণের ক্ষেত্রে তাঁরা পিছিয়ে পড়ছেন। অথচ একই প্রকল্পে নিয়োগ এবং একই দিনে রাজস্ব খাতে স্থানান্তরিত অনেক শিক্ষকের চাকরি যথাসময়ে নিয়মিত করায় অনেকে পদোন্নতি পেয়েছেন।প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ২০১০ সালের মে মাসে মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশ জারির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি নিয়মিতকরণের তারিখ রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ধরে জ্যেষ্ঠতা গণনা করে পদোন্নতি দিতে মন্ত্রণালয়ে সুপারিশ করে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।পদোন্নতিবঞ্চিত শিক্ষকদের ১১ জন ২০১০ সালে আদালতে রিট করলে আদালত একই বছরের ২৮ ও ২৯ নভেম্বর শুনানির পর ৬ ডিসেম্বর রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ থেকে তাঁদের জ্যেষ্ঠতা গণনা করে পদোন্নতির জন্য ৬০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়।