আইনি জটিলতায় পড়ে ১০ বছর হাজতবাস
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সৈয়দ নূর অবশেষে গতকাল বুধবার জামিনে মুক্তি পেয়েছেন। জামিনের আবেদন করে আইনি জটিলতায় পড়ে তিনি প্রায় ১০ বছর কোনো দণ্ডাদেশ ছাড়াই হাজতবাস করেন বলে আইনজীবীরা জানান। জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. হোসাইন হেলাল ৩০ হাজার টাকা জিম্মায় তাঁকে জামিন দিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী মো. খলিল বলেছেন, সৈয়দ নূর উচ্চ আদালতে (হাইকোর্ট) তাঁর বিরুদ্ধে করা ধর্ষণ মামলা বাতিলের (কোয়াশমেন্ট) আবেদন করে জামিন চেয়েছিলেন। উচ্চ আদালত মামলাটির স্থগিতাদেশ দিয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। কিন্তু সৈয়দ নূর টাকার অভাবে মামলাটি চালাতে পারেননি। তাঁর আইনজীবীও বিষয়টি নিয়ে কোনো খোঁজখবর না নেওয়ায় নিম্ন আদালতে মামলার বিচারকাজ বন্ধ থাকে।আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সালের ২৮ মে নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে তুলাতলি পাড়া থেকে সৈয়দ নূরকে (২৭) গ্রেপ্তার করা হয়। প্রধান বিচারপতি বান্দরবান সফরে এলে বিষয়টি তাঁর কাছে তুলে ধরা হয়। তিনি দ্রুত নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট আইনজীবীকে তাগিদ দেওয়ার পরামর্শ দেন। সৈয়দ নূরের উচ্চ আদালতের আইনজীবী তপন কুমার দাশ জানান, নূর নিজে মামলা বাতিল ও জামিনের আবেদন করে আর মামলা চালাতে পারেননি। এ জন্য আইনি জটিলতা সৃষ্টি হয়ে মামলার কার্যক্রমও বন্ধ ছিল। কিন্তু কেন এত দিন বিষয়টির খোঁজ নেননি জানতে চাইলে তিনি জানান, সৈয়দ নূরের কেউ যোগাযোগ না করায় তাঁর স্মরণে ছিল না। বিষয়টি জানার পর তিনি উচ্চ আদালতের আদেশ স্থগিতাদেশ প্রত্যাহার আবেদন নিষ্পত্তি করেছেন। জামিন পাওয়ার পর সৈয়দ নূর জানান, জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তি তিনজনের বিরুদ্ধে মামলা করে। টাকাপয়সা না থাকায় তিনি মামলা চালাতে পারেননি। তিনি কথিত ধর্ষণ ঘটনা সম্পর্কে কোনো কিছু জানতেন না।বান্দরবান জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ মহিউদ্দিন জানান, দরিদ্র সৈয়দ নূর তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে মামলা চালাতে পারেননি। এ জন্য তাঁর দীর্ঘদিন ধরে হাজতবাস করার বিষয়টি খুব দুঃখজনক।