আইনি জটিলতায় ২৬০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে না দুদক
দুনীতির দায় স্বীকার করার পরও আইনি জটিলতায় ২৬০ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে পারছে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। ট্রুথ কমিশনের কার্যক্রম অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছেন। কিন্তু রায়ের কপি হাতে না পাওয়ায় আত্মস্বীকৃত ২৬০ দুর্নীতিবাজের বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক।২০০৮ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট ‘স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ, ২০০৮’ অবৈধ ঘোষণা করে রায় দেন। গত ১৬ মে ট্রুথ কমিশনের কার্যক্রম অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখেন।জানতে চাইলে দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘আপিল বিভাগের রায়ের লিখিত কপি পাওয়া যায়নি। এটা না পেলে দুদক আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে পারবে না।’তবে তদন্ত ও অনুসন্ধানে বাধা নেই জানিয়ে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরা নিজেরাই চিহ্নিত করেছেন। তাঁদের অধিকাংশ অভিযোগ ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আদালত ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণার রায় বহাল রাখায় তদন্তে কোনো বাধা নেই।গতি নেই অগ্রাধিকার তালিকার: দুদকের এ বছরের বার্ষিক কর্মপরিকল্পনার অগ্রাধিকার পেয়েছে ট্রুথ কমিশনে স্বেচ্ছায় দুর্নীতি স্বীকার করা ৪৪৮ জন বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি। ওই সব কর্মকর্তার বিরুদ্ধে প্রথমে মামলা করেছিল দুদক। তত্ত্বাবধায়ক সরকার ট্রুথ কমিশন গঠন করলে মামলার প্রক্রিয়া এড়িয়ে ওই কমিশনে গিয়ে ট্রুথ কমিশন থেকে অনুকম্পা নেন তাঁরা। দুদক সূত্র জানায়, ট্রুথ কমিশনে অর্থদণ্ড দিয়ে ৪৪৮ জনের মধ্যে ২৬০ জন দুর্নীতির ‘দায় মার্জনা’ পান। কিন্তু কমিশনে যাওয়ার আগে দুদকের দায়ের করা ২৮৭টি মামলার মধ্যে ২৭টি নিষ্পত্তি হয়নি। ওই ২৭টি মামলার তদন্ত দুদক আগেই শুরু করেছে। পর্যায়ক্রমে বাকি ২৬০টি মামলার অভিযোগ তদন্ত করা হবে।পদোন্নতি ও অবসর: বিলুপ্ত ট্রুথ কমিশনে থেকে সরকারের বিভিন্ন বিভাগের অনুকম্পাপ্রাপ্তদের মধ্যে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মকর্তার সংখ্যা মোট ৪৪ জন। কমিশনের কাছে মো. শাহাবুদ্দিন দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁকে গত ২৭ জানুয়ারি সওজের প্রধান প্রকৌশলী করা হয়। এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, ‘কী বলেছি আর কী করেছি, সেই সত্যটা আমি জানি।’বর্তমানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমানকে সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের পরিচালক করা হয়। অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোস্তাক হোসেনকে করা হয় সওজের পরিকল্পনা বিভাগের প্রধান। তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল আজিম জোয়ার্দারকে বর্তমান সরকার পদোন্নতি দিয়ে সওজের প্রশাসন ও সংস্থাপন বিভাগের প্রধান করে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহরাব উদ্দিনকেও অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদমর্যাদায় বেশ কয়েকটি সড়ক নির্মাণ ও মেরামতসংক্রান্ত প্রকল্পের পরিচালক করা হয়। এদিকে সরকারের সর্বাধিক অগ্রাধিকার ও বড় প্রকল্প পদ্মা সেতু প্রকল্পের পরিচালক করা হয়েছে সওজের অবসরপ্রাপ্ত প্রকৌশলী রফিকুল ইসলামকে। তিনি এক দিনের জন্য সওজের প্রধান প্রকৌশলীও হয়েছিলেন।বিআরটিএর সহকারী পরিচালক কাজী মাহবুবুর রহমানসহ ৪১ কর্মকর্তা ট্রুথ কমিশনে দুর্নীতির কথা স্বীকার করে বহাল তবিয়তে রয়েছেন। এভাবে যোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের অনেকে দুর্নীতি স্বীকার করেও পদোন্নতি পেয়েছেন, কেউবা সুবিধাজনক স্থানে বদলি হয়েছেন।