প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় গোলাম রহমান
আইনি দুর্বলতার কারণে দুদকের মামলার ফলাফল হয় অশ্বডিম্ব
দৃশ্যমান বা অদৃশ্যমান স্বার্থান্বাষীে মহলের প্ররোচনামুক্ত হয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু আইনি দুর্বলতাকে কাজে লাগিয়ে মামলার আসামিরা পার পেয়ে যাওয়ায় দুদকের যাবতীয় মামলার ফলাফল শেষ পর্যন্ত অশ্বডিম্বে পরিণত হয়।দুদকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গতকাল বুধবার এর চেয়ারম্যান গোলাম রহমান এ কথা বলেন।এ সময় বক্তারা রাজনৈতিক ও বংশপরিচয় দেখে দুদক কর্মকর্তাদের কাজ না করারও আহ্বান জানান। দুদকের চলমান আইন ভালো, কিন্তু দুর্নীতি প্রতিরোধের জন্য পরিপূর্ণ নয় উল্লেখ করে বক্তারা দুদক সংশোধিত আইন দ্রুত পাস করার দাবিও জানান।রাজধানীর শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম রহমান বলেন, ওয়ান-ইলেভেনে জরুরি অবস্থার সময় দুদকের বেশির ভাগ মামলা শেষ পর্যন্ত অশ্বডিম্বে পরিণত হয়েছে।গোলাম রহমান আরও বলেন, ‘তখন তারা দেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে জরুরি আইনকে প্রাধান্য দিয়ে মামলা রুজু করার আগে গ্রেপ্তার করে। সেই সময়ের কমিশন একরকম দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে। তারা সে সময় বেশি গুরুত্ব দেয় অবৈধ সম্পদ অর্জনকে। তাৎক্ষণিকভাবে মানুষ তাদের কর্মকাণ্ডে হাতে তালি দিলেও ওই সব কর্মকাণ্ড সঠিক ছিল কি না, তা নিয়ে সন্দেহ আছে। হয়তো জরুরি আইনে সঠিক ছিল। যখন জরুরি অবস্থা প্রত্যাহার হয়, তখন আদালতে মামলাগুলো যাওয়ার পর দেখা যায় যে বেশির ভাগ মামলাই বেআইনি ছিল।’গোলাম রহমান বলেন, দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি ও দুর্নীতিবাজ ব্যক্তিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন তাঁরা। ইতিমধ্যে দুদকের কাজের সুফল দেশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।ব্রিটিশ ঔপনিবেশিক আইন প্রভাবশালীদের সহায়ক হওয়ায় দুর্নীতি মামলার আসামিরা আইনের ফাঁক গলে বেরিয়ে যায় বলে মন্তব্য করেন গোলাম রহমান। বিচারব্যবস্থায় টাকার খেলা হয় বলেও মন্তব্য করেন তিনি। দুদকের কমিশনার বলেন, সরকারের দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার থাকায় দুদক স্বাধীনভাবে কাজ করতে পারছে। দুদকের কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘দৃশ্যমান-অদৃশ্যমান কোনো স্বর্থান্বেষী মহলের প্রভাব ছাড়াই আপনাদের কাজ করতে হবে।’ সভায় আরও বক্তব্য দেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন, মো. বদিউজ্জামান প্রমুখ। এর আগে দুদক কার্যালয়ে জাতীয় পাতাকা ও দুদকের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মকাণ্ড শুরু করা হয়। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।