আইনি নোটিশের কারণে ঝুলে আছে পাকা করার কাজ
ঠিকাদারের আইনি নোটিশের কারণে রাজশাহীর বাগমারা-শিবজাইট সড়ক পাকা করার কাজ এখনো ঝুলে আছে। রাস্তা খুঁড়ে কাজ শেষ না করেই ঠিকাদার চলে গেছেন অনেক আগে। এ কারণে খোঁড়া এ রাস্তা দিয়ে লোকজনকে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, বাগমারা থানা মোড় থেকে শিবজাইট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার পাকা করার জন্য ৫৬ লাখ ছয় হাজার ১৬৫ টাকার প্রাক্কলিত ব্যয়ে দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে নাটোরের বড়হরিশপুর গ্রামের ঠিকাদার আসাদুজ্জামান ওরফে আসাদ কাজটি পান। তিনি ২০১০ সালের ২৬ আগস্ট কার্যাদেশ পান এবং এর পরপরই কাজটি শুরু করেন। কাজটি পরের বছর ২০১১ সালের ১ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কার্যাদেশ পাওয়ার পর তিনি পুরো রাস্তা খুঁড়ে খোয়া ফেলেন। এ বাবদ উপজেলা এলজিইডি কার্যালয় থেকে তিনি পাঁচ লাখ টাকা বিলও তোলেন। এর পর থেকে ঠিকাদারের আর খোঁজ নেই।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, পাঁচবার চিঠি দিয়েও ঠিকাদারের কোনো সাড়া পাননি। বাধ্য হয়ে চলতি বছরে এলজিইডি কর্তৃপক্ষ ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ দিয়ে কাজটি বাতিল করে আবার দরপত্র আহ্বানের উদ্যোগ নেয়। কিন্তু ওই ঠিকাদার জুন মাসে কাজ বাতিলের প্রক্রিয়া অবৈধ দাবি করে এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীকে আইনি নোটিশ পাঠান। এ কারণে আর দরপত্র আহ্বান করা যাচ্ছে না।
এ ব্যাপারে ঠিকাদার আসাদুজ্জামানের সঙ্গে মুঠোফোনে ১০-১২ বার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন ও সহাকরী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ জানান, তাঁরাও অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাননি।
সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তা খুঁড়ে খোয়া ফেলে রাখা হয়েছে। বর্ষার কারণে অনেক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে রাস্তা ভেঙে গেছে। আবার কয়েকটি স্থানে স্থানীয় লোকজন গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করেছেন।
বাগমারার রিকশা-ভ্যানচালক মকবুল হোসেন জানান, রাস্তায় খোয়া ফেলে রাখায় মালামালভর্তি গাড়ি নিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। বাধ্য হয়ে তাঁদের অতিরিক্ত পথ পাড়ি িদয়ে ঘুরে যাতায়াত করতে হয়। স্থানীয় কয়েকজন জানান, ভবানীগঞ্জ-পুঠিয়া সড়কের সঙ্গে সংযোগ সড়ক এটি। রাস্তা অসম্পূর্ণ রাখায় প্রতিদিন কমপক্ষে তিন হাজার পথচারী দুর্ভোগ পোহাচ্ছে।
রাজশাহীতে সদ্য যোগদানকারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূর নবী বলেন, কাজটি কী পর্যায়ে রয়েছে তা দেখতে হবে। আইআরডিপির কাজ হলে বরাদ্দ চেয়ে আবার চিঠি পাঠানো হবে।