
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই রায় আইনগতভাবেই মোকাবিলা করা হবে। তিনি বলেন, প্রধান বিচারপতির কিছু পর্যবেক্ষণ আপত্তিকর ও অপ্রাসঙ্গিক। এমনকি অধস্তন আদালতের শৃংখলাবিষয়ক ১১৬ অনুচ্ছেদ নিয়ে প্রধান বিচারপতির রায় যুক্তিতাড়িত নয়, বরং আবেগ ও বিদ্বেষতাড়িত।
সরকারের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় ও পর্যবেক্ষণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে দেওয়া বক্তব্য তথ্যনির্ভর নয়। আর তড়িঘড়ি করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক ডাকা দুঃখজনক অভিহিত করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণে এই কাউন্সিল অস্বচ্ছ এবং নাজুক।
সচিবালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে আনিসুল হক আরও বলেন, পর্যবেক্ষণের ‘আপত্তিকর’ ও ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্যগুলো বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে এই রায় রিভিউ করার বিষয়েও চিন্তাভাবনা হচ্ছে এবং রায় আইনগতভাবেই মোকাবিলা করা হবে।
১ আগস্ট আপিল বিভাগ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরছে। রায় প্রকাশের পর ৬ আগস্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের একটি সভাও অনুষ্ঠিত হয়।

তবে রায় প্রকাশের ১০ দিনের মাথায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এল। অবশ্য এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এই রায়, বিশেষ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়। এরপর গত বুধবার ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়। একই দিনে সংবাদ সম্মেলন করে এই রায় সম্পর্কে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বাংলাদেশ এখন আর জনগণের প্রজাতন্ত্র নয়, বরং এটা বিচারকদের প্রজাতন্ত্রে পরিণত হয়েছে।
গতকাল আইনমন্ত্রীর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থান তুলে ধরা হলো। সংবাদ সম্মেলনের শুরুতে ষোড়শ সংশোধনীর বিষয়বস্তু ও রায়ের পূর্বাপর প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। তবে রায়ের চেয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে বেশি অসন্তোষ ফুটে ওঠে তাঁর বক্তব্যে।
রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আপিল বিভাগের রায়ের সঙ্গে তাঁদের দ্বিমত থাকলেও রায়ের প্রতি তাঁর শ্রদ্ধা রয়েছে। তবে আপিল বিভাগ যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন, সেসব যুক্তি গ্রহণযোগ্য নয়। বরং তাঁরা মনে করেন, সুপ্রিম জুডিশিয়াল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ ও নাজুক। এই কাউন্সিলের ধারণা সামরিক শাসকদের বই থেকেই প্রাপ্ত। তাই এটা গণতন্ত্রের সঙ্গে কোনো কিছুতেই খাপ খায় না।
রায়ের পরপরই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক প্রসঙ্গে বলেন, এত দিন পর তড়িঘড়ি করে এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বৈঠক ডাকা হয়েছে, সেটা দুঃখজনক।
রায়ের রিভিউ করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যেহেতু রায়ে সংক্ষুব্ধ, তাই নিশ্চয়ই চিন্তা-ভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না। তবে এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হইনি। কারণ, রায়ের খুঁটিনাটি বিষয়গুলো এখনো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’
আপিল বিভাগের পর্যবেক্ষণ বিষয়ে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি তাঁর রায়ে অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন, যা এই মামলার ‘ফ্যাক্ট ইন ইস্যুর’ সঙ্গে একদমই সম্পর্কিত নয়। তিনি জাতীয় সংসদ সম্পর্কে কটূক্তি করেছেন এবং এই প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করেছেন। এসব রাজনৈতিক প্রশ্ন আদালতের বিচার্য বিষয় হতে পারে না। প্রধান বিচারপতির এই বক্তব্যে তারা (সরকার) দুঃখিত। মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয়নি বলে যে কথা বলা হয়েছে, তাতে আমি মর্মাহত।’
সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংবিধান পরিপন্থী আখ্যায়িত করার বিষয়ে আইনমন্ত্রী বলেন, তাঁর মনে হয়েছে, প্রধান বিচারপতির যে রায় তা যুক্তিতাড়িত নয়, বরং আবেগ ও বিদ্বেষতাড়িত।
রায় আইনগতভাবে মোকাবিলা করা হবে
রায় আইনগতভাবে মোকাবিলা না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে যাচ্ছেন কি না এমন এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই রায় আইনগতভাবেই মোকাবিলা করা হবে। এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কোনো অভিপ্রায় নেই। কিন্তু এখানে যেসব রাজনৈতিক বক্তব্য আনা হয়েছে, তা নিয়ে গঠনমূলক আলাপ-আলোচনার জন্য যদি রাজনীতিবিদেরা কোনো বক্তব্য দেন, তাহলে সেটা রাজনৈতিকভাবে মোকাবিলার শামিল বলে তিনি মনে করেন না।
একজন সাংবাদিক এই রায় নিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে প্রধান বিচারপতির দেওয়া বক্তব্যের বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁর কিছু বলার নেই। অন্য একটি প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, কাউন্সিল পুনর্বহাল সম্পর্কে যে আদেশ দেওয়া হয়েছে, সেই বিষয়াট পরিষ্কার নয়।
এই রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এটা তাঁর ব্যক্তিগত মন্তব্য। তিনি নিশ্চয়ই যুক্তি দিয়ে বক্তব্য দিয়েছেন।
সরকার ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, একদমই না।
৭০ অনুচ্ছেদ নিয়ে বক্তব্য তথ্যনির্ভর নয়
সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকায় সাংসদেরা বিচারপতি অপসারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন কিনা এই প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে যেটা আছে সেটা হচ্ছে, যদি কোনো সংসদ সদস্য যে দল থেকে নির্বাচিত হয়েছেন, সেই দলের বিরুদ্ধে ভোট দেন তাহলে তাঁর সংসদ সদস্যপদ চলে যায়। সংসদীয় চর্চায় দল যখন বলে দেয় যে এই ইস্যুটা দলের, এর বাইরে ভোট দেওয়া যাবে না, তখনই কিন্তু ৭০ অনুচ্ছেদ আসে। তবে সময় সময় তাঁদের ফ্রি ভোট দেওয়ারও সুযোগ আছে। তাহলে ওনারা যে রায়ে বলেছেন, ৭০ অনুচ্ছেদের জন্য ষোড়শ সংশোধনী বিতর্কিত হবে, সেটা কিন্তু ঠিক না। তার কারণ হচ্ছে, ওনারা এটা সম্পর্কে জানেন না যে বিচারপতিদের বিষয়ে পার্টি ভোট হবে না ফ্রি ভোট হবে। আইনমন্ত্রী বলেন, যে পদ্ধতি দিয়ে তাঁরা (সরকার) আইনের খসড়া করেছিলেন, সেখানে কিন্তু ‘পার্টি লাইনে’ ভোট হবে এমন কথা ছিল না এবং এমন কোনো ইঙ্গিতও ছিল না। সে ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ সম্পর্কে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু তথ্যনির্ভর নয়।
বিচার বিভাগের দায়বদ্ধতা জনগণের কাছেই থাকবে
এই রায়ের পর বিচার বিভাগের দায়বদ্ধতা কার কাছে একজন সাংবাদিক সেকথা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের দায়বদ্ধতা সব সময়ই জনগণের কাছে থাকবে। এটাকে কেউ নিয়ে যেতে পারবে না। তিনি বলেন, ‘আমি জানি এই রায়ে একটা আচরণবিধি দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকে বলবেন ২০০৭ সালে একটা আচরণবিধি হয়েছিল। সেটা অনেকটা আদর্শলিপির মতো। এই এই করতে পারবেন না, কিন্তু না করলে কী হবে, তা কিন্তু লেখা ছিল না। আজকে যে আচরণবিধি এই রায়ে দেওয়া হয়েছে, হ্যাঁ সেখানে যুক্ত করা হয়েছে, না করলে কী হবে।’
পর্যবেক্ষণ মানার কতটা বাধ্যবাধকতা আছে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ। এখানে যদি কিছু অপ্রাসঙ্গিক হয়ে থাকে, তাহলে তা দেখতে হবে এবং দেখে ব্যবস্থা নিতে হবে।
বাহাত্তরের সংবিধানে তো আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেগুলো ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন না কেন—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংবিধান বিষয়ে আপিল বিভাগের আনোয়ার হোসেন মামলার প্রসঙ্গ টেনে বলেন, এটা হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন এবং সময়ে সময়ে যদি জনগণের ইচ্ছা বদলায়, তাহলে এটা সংশোধন করা যায়। জনগণের রায়ে যদি অন্যান্য পরিবর্তন সম্পর্কে ইচ্ছার প্রতিফলন হয়, তাহলে নিশ্চয়ই পরিবর্তন করা হবে।
ওনাদের মুখে এসব কথা সাজে না
এই রায় নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া সম্পর্কে এক সাংবাদিক জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ওনারা আদালত মানেন না, বিচারককে সম্মান দেখান না, ওনাদের একজন জামিনপ্রাপ্ত আসামি যিনি বিদেশে চলে যান, আদালতের কোনো অনুমতি নেন না—এভাবে আদালতকে অবমাননা করেন। সে ক্ষেত্রে ওনাদের মুখে আইনের শাসন এবং এই সব কথা সাজে না। ওনারা ওই সব ঠিক করে তারপর উপদেশ দিতে আসুক তাহলে গ্রহণ করা হবে।
আওয়ামী লীগ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, এই রায় বিএনপিকে নতুন করে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে—এ প্রসঙ্গে মত জানতে চাইলে আনিসুল হক বলেন, সেটা তাদের ব্যাপার। প্রধান বিচারপতি বলেছেন, উনি কোনো ট্র্যাপের মধ্যে পড়তে চান না। তিনি হয়তো পরিষ্কার করে দিয়েছেন যে এই রায় নিয়ে যেন কোনো রাজনীতি না হয়।
এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি দুর্বল ছিল কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, তাঁর মনে হয় না তাঁদের যুক্তি দুর্বল ছিল।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ১৯৭৭ সালে হয়। সেই সময় থেকে শুরু করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থাকা সত্ত্বেও বিচারপতি আবদুর রহমান চৌধুরী, বিচারপতি এস এম হোসেন, বিচারপতি কে এম সোবহানকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে না নিয়েও অপসারণ করা হয়েছিল। একজন সিটিং জজ আছেন, তিনি বিচারপতিদের কাছে হেফাজতের লিফলেট বিতরণ করেছেন বলে খবরের কাগজে ছাপা হয়েছিল। সেটার পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বসেছিল এবং এত কিছু তথ্য থাকার পরও কীভাবে, কী প্রক্রিয়ায় উনি খালাস পেয়েছিলেন?
রায় ষড়যন্ত্র কি না—এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, রায় রায়ই। তিনি এ বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে পারবেন না।