আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ কেন্দ্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নেতা মোছলেম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে গতকাল বোয়ালখালীতে বিক্ষোভ করা হয় l ছবি: প্রথম আলো
আওয়ামী লীগের নেতা মোছলেম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে গতকাল বোয়ালখালীতে বিক্ষোভ করা হয় l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে চট্টগ্রাম নগর ছাত্রলীগ আজ সোমবার ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে তাঁদের বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। চট্টগ্রাম জেলার মূল সভা ছিল লালদীঘি ময়দানে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স শেষ হওয়ার পর মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কিছু কর্মী তাঁকে লাঞ্ছিত করেন।
আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গতকাল রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মোছলেম উদ্দিন আহমেদ একজন প্রবীণ নেতা। তাঁর ওপর হামলার ঘটনায় আমাদের সভানেত্রী ও সাধারণ সম্পাদক ক্ষুব্ধ। তাই হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের একজন সাংগঠনিক সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদকে ফোন করে হামলাকারীদের নাম ও পরিচয় চেয়েছেন।’
মোছলেম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক সম্পাদক হামলাকারীদের নাম ও পরিচয় আমার কাছে জানতে চেয়েছেন। আগামীকালের (আজ সোমবার) মধ্যে ওদের পরিচয় দিতে আমাকে অনুরোধ করা হয়েছে।’
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনি পদক্ষেপ ও সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন। বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠককালে বিষয়টি উত্থাপন করেন। তিনি বৈঠক থেকে মুঠোফোনে মোছলেম উদ্দিন ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেন। মোছলেম উদ্দিনকে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা পাঠাতে বলেন। একই সঙ্গে মামলা করার জন্যও মোছলেম উদ্দিনকে পরামর্শ দেন তিনি।
ছাত্রলীগ সূত্র জানায়, গতকাল সকালে নগরের এমইএস কলেজের কিছু ছাত্র মোছলেম উদ্দিনের লালখান বাজার এলাকার বাসায় গিয়ে তাঁর কাছে ক্ষমা চান। তবে হামলাকারীদের কেউ সেখানে গিয়েছিলেন কি না, তা জানাতে পারেনি সূত্রটি।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘একজন প্রবীণ নেতার ওপর হামলার ঘটনা বরদাশত করা যায় না। এই দুঃখজনক ঘটনায় এমইএস কলেজের ছেলেরা জড়িত বলে অভিযোগ উঠেছে। তাই ওরা মোছলেম ভাইয়ের বাসায় গিয়ে ক্ষমা চেয়েছে। আমরা আগামীকাল (আজ সোমবার) সংবাদ সম্মেলন ডেকে হামলাকারীদের নাম-পরিচয় প্রকাশ করব। তাদের বহিষ্কার করতে কেন্দ্রের কাছে সুপারিশ করব।’
বোয়ালখালীতে বিক্ষোভ: বোয়ালখালী প্রতিনিধি জানান, মোছলেম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ গতকাল উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন। সমাবেশে বক্তারা এ ঘটনার জন্য একজন প্রতিমন্ত্রীকে দায়ী করেন।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।