‘জাগো, বিশ্ব নারী জাগো’। ‘নারীর ওপর অত্যাচার বন্ধ করো’। ‘উঠতে বসতে নারীকে অপমান করা আর নয়’। ‘নারী নির্যাতককে সামাজিকভাবে বয়কট করুন’।গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতায় এভাবেই স্লোগানে স্লোগানে রাজধানীকে মুখরিত করে তোলেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসব আনুষ্ঠানিকতা একই সঙ্গে ১৯৭১ সালে যেসব রাজাকার নারী ধর্ষণসহ বিভিন্নভাবে নারী নির্যাতন করেছে, তাদেরও বিচার দাবি করা হয়েছে। দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় এবার দিবসটির প্রথম প্রহরে মশাল জ্বালিয়ে আঁধার ভাঙার শপথ কর্মসূচি পালন করে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিশেষ আয়োজনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, নারী নির্যাতন বন্ধে আইনি এবং সরকারি পদক্ষেপ যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সবার চিন্তা-চেতনা এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন।জোটের চেয়ারপারসন সুলতানা কামাল মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো শক্তিকেই স্বীকার করা হবে না বলে ঘোষণা দেন।মশাল জ্বালানো কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ উপস্থিতছিলেন। দিবসটি উপলক্ষে দেশের ৪৮টি জেলায় আমরাই পারি ক্যাম্পেইনের সঙ্গে সম্পৃক্ত ৫৫০টি সংগঠনের ১০ লাখ চেঞ্জমেকার মোমবাতি প্রজ্বালন করে।উদ্যমে উত্তরণে শতকোটি অভিযানের পক্ষ থেকে সন্ধ্যা ছয়টায় মশাল মিছিলের আয়োজন করা হয়। মিছিলের আগে আসাদগেটের উত্তরের সড়কে বিকেল সাড়ে পাঁচটায় সবাই জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। এখানে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন, নারীপক্ষ, তরঙ্গ, কারিতাস বাংলাদেশ, আওয়াজ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সমাবেশে আদিবাসী নারী, প্রান্তিক নারীসহ বিভিন্ন নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পরে মিছিলের আয়োজন করে।দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে বক্তারা বলেন, মৌলবাদ হচ্ছে নারী উন্নয়নের পথে প্রধান বাধা। তাই মৌলবাদ ও সামপ্রদায়িকতামুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে নারীর উন্নয়ন নিশ্চিত করতে হবে।দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি গত বৃহস্পতিবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে দিবসের আনুষ্ঠানিকতা পালনের সূচনা করে।বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) অন্যান্য নারী ও মানবাধিকার সংগঠন যৌথভাবে গত বৃহস্পতিবার ধর্ষণ মামলায় মেডিকেল সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের রীতি এবং নীতিমালার সংস্কারের দাবিতে জাতীয় মানবাধিকার কমিশনে একটি স্মারকলিপি জমা দেয়। কর্মজীবী নারী, বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স প্রোটেকশন অ্যালায়েন্স, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বিপ্লবী নারী সংগতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, নগরের বাসাবোতে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন সংগঠন ও সংস্থা দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে।