আইনি প্রক্রিয়া মেনেই নূর হোসেনকে ফেরত আনা হবে: ডিআইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কারাগারে বন্দী নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। আর তা করা হবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
ডিআইজি বলেন, নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। সবার শান্তিপূর্ণ অংশগ্রহণের কারণে তিনি সন্তোষ প্রকাশ করেন। ডিআইজির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোখলেসুর রহমান, লাঙ্গলবন্দ স্নান উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বাসু দেব চক্রবর্তীসহ পূজা উদ্যাপন পরিষদের নেতারা।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনসহ ছয়জনের নামে একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল ফতুল্লা মডেল থানায় মামলা করেন।