যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু এবং যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুটি রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন রফিক-উল হক। সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান ও শাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে এহসানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়ার পর এ পর্যন্ত আবদুল আউয়াল মিন্টুকে পাঁচটি এবং মাহবুব উদ্দিন খোকনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে এমন আশঙ্কা থেকে তাঁদের পরিবারের সদস্যরা পৃথক দুটি রিট করেন। রুল জারির পাশাপাশি আদালত ওই আদেশ দেন।
গত ৮ নভেম্বর আবদুল আউয়াল মিন্টু ও গত ২৬ ডিসেম্বর মাহবুব উদ্দিন খোকনকে গ্রেপ্তার হন।