আইনি প্রক্রিয়া শেষ হলো না ছয় দিনেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

র‌্যাবের তিন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তারে পুলিশের আইনি প্রক্রিয়া আর শেষ হচ্ছে না৷ সর্বশেষ গতকাল যুক্ত হলো অধিযাচনপত্র (রিকুইজিশন)৷ ঢাকা ক্যান্টনমেন্ট থানায় এই ‘অধিযাচনপত্র’ পাঠাবে নারায়ণগঞ্জ পুলিশ৷ এরপর আর কী প্রক্রিয়া বাকি আছে, তা অবশ্য কেউ বলতে পারছেন না৷
তবে এই আইনি প্রক্রিয়ার নামে ইতিমধ্যে পেরিয়ে গেছে ছয় দিন৷ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্ট ১১ মে র৵াবে কর্মরত দুই সেনা কর্মকর্তা এবং এক নৌ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন৷ আদালতের আদেশে বলা হয়েছিল, অন্য কোনো অভিযোগ পাওয়া না গেলে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার করতে হবে৷
আদালতের পক্ষ থেকে ওই দিন রাতেই আদেশের কপি পুলিশের কাছে ফ্যাক্সযোগে পাঠিয়ে দেওয়া হয়৷ পরদিন পুলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠায়৷ চার দিন পর গত বৃহস্পতিবার সেই চিঠির জবাব দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ জবাবে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর আদৌ কোনো প্রয়োজন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ নিহতদের পরিবারের অভিযোগ, এসব করে সময় নষ্ট করা হচ্ছে৷
অভিযোগ আছে, এসব কর্মকর্তাকে গ্রেপ্তার করা হোক, সরকারের উচ্চপর্যায় তা চায় না । এ কারণে সবুজ সংকেত না পাওয়ায় পুলিশও আইনি প্রক্রিয়ার কথা বলে সময়ক্ষেপণ করছে।
আইনবিদ শাহদীন মালিক এ প্রসঙ্গে বলেন, মহামান্য হাইকোর্ট এসব লোককে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন। দেশবাসী দেখছে, সে আদেশ এখনো মানা হচ্ছে না। এর পক্ষে-বিপক্ষে যুক্তি যা-ই থাকুক না কেন, আদেশ না মানার বিষয়টি জনমনে ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে। হাইকোর্টের আদেশ না মানার অর্থ হচ্ছে, আইনের শাসন সংকটের মধ্যে পড়েছে৷
তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে এত দেরি হচ্ছে কেন? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের মুখে পড়েন৷ জবাবে তিনি বলেন, ‘আমরা বসে নেই৷ ধীরগতিতে হলেও তদন্ত এগিয়ে যাচ্ছে৷ জড়িতদের বিচার হবেই৷’
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার রাতে সশস্ত্র বাহিনী বিভাগের এ-সংক্রান্ত একটি চিঠি নারায়ণগঞ্জ পুলিশের হাতে এসে পৌঁছেছে৷ যত দ্রুত সম্ভব হাইকোর্টের নির্দেশ কার্যকর করা হবে।
এদিকে গত বৃহস্পতিবার ক্রোক অভিযান চলার সময় নূর হোসেনের বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ। এ ছাড়া নূর হোসেনের দুই সহযোগীকে দুই দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
নিহতদের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, অভিযুক্তদের গ্রেপ্তারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে৷ ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতামতের জন্য পুলিশ অনেক সময় নষ্ট করেছে৷
স্বজনদের এই অভিযোগের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘এ রকম একটি বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমাদের অনেক সাবধান থাকতে হচ্ছে, যাতে কোনো ত্রুটি-বিচ্যুতি বা তদন্তে কোনো ধরনের সমস্যা না থাকে। আমরা যে কাজ করছি, সেটার ফলাফল আপনারা শিগগিরই দেখতে পাবেন।’
নারায়ণগঞ্জ পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগ থেকে দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের সবুজ সংকেত পাওয়ার পর পুলিশের একটি দল কাজ শুরু করেছে। যেকোনো সময় তাঁদের ধরতে অভিযান চালানো হবে৷ ওই সূত্রমতে, তাঁরা ঢাকা ক্যান্টনমেন্ট থানার বাসিন্দা৷ এ কারণে তাঁদের গ্রেপ্তারের পরোয়ানা সেই থানায় পাঠানো হবে৷ এ বিষয়ে জানতে চাইলে গুলশান বিভাগের উপকমিশনার সৈয়দ লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না৷
নারায়ণগঞ্জের পুলিশ জানায়, সাত খুনের ঘটনায় নূর হোসেনের দুই সহযোগী রফিকুল ইসলামকে ডেমরা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত এ মামলার আরেক আসামি আরিফুজ্জামানকে আবারও দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। অন্য সাত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে৷
নারায়ণগঞ্জের আইনজীবীরা অভিযোগ করেন, আলোচিত এ মামলার আলামত ঠিকমতো সংরক্ষণ করা হচ্ছে না৷ নিহত চন্দন সরকারের গাড়িটি দুই দিন পর উদ্ধার হয়েছে ঢাকার গুলশানের নিকেতন থেকে। দুই দিন তা রাস্তায় পড়ে ছিল। তারও কয়েক দিন পর চন্দন সরকারের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
সাতজনের লাশের সঙ্গে পাওয়া বস্তা, রশি, ইট মামলার গুরুত্বপূর্ণ আলামত। এগুলো যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে মহিদ উদ্দিন বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলামতগুলো সংরক্ষণ করা হচ্ছে৷