আইনি প্রক্রিয়ার মাধ্যমে চোরাই গরু ফেরত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় উদ্ধার হওয়া ১৭টি গরু আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিকদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিনাজপুরের বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার গতকাল বুধবার চুরি হওয়া চারটি গরু মালিকদের হাতে তুলে দিয়েছেন।
মিঠাপুকুর থানার পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নে চোরাই গরু এনে রাখা হয়। পরে টাকার বিনিময়ে এসব গরু মালিকদের ফেরত দেওয়া হয়। এর লাগোয়া এলাকা হলো জেলার পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর উপজেলা।
বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে চোরাই গরু রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার রাতে মিঠাপুকুর পুলিশ সেখানে অভিযান চালায়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ওই গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে ১৭টি গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের খবর পেয়ে মোস্তফা বাড়ি থেকে আগেই পালিয়ে যান।
এদিকে ওই এলাকার গরুচোর চক্র ও আশ্রয়দাতাকে খুঁজে বের করে তাঁদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত মঙ্গলবার উপজেলা সদরে তাঁরা বিক্ষোভ করেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগও দিয়েছেন।
থানার ওসি মোজাম্মেল হোসেন গতকাল বুধবার মুঠোফোনে বলেন, ওই ইউনিয়নের গরুচোর চক্রকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। গরুগুলো ফেরত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত দিনাজপুরের নবাবগঞ্জ এলাকা থেকে চারজন গরুর মালিক যোগাযোগ করেছেন। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় মালিকদের গরু বুঝিয়ে দেওয়া হবে। এসব গরু থানার একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। খাবারের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে আদালতের আদেশে আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুরের বিরামপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এস এম হাফিজুর রহমান গতকাল বুধবার চুরি হওয়া চারটি গরু মালিকদের বুঝিয়ে দিয়েছেন। গতকাল নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে এ আয়োজন করা হয়।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের উপরিদর্শক মো. নুরুজ্জামান জানান, গত ২৪ মার্চ রাতে লালঘাট গ্রামের ছলিমুদ্দিনের বাড়ি থেকে ১টি গরু চুরি হয়। সেটি উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালিয়। তখন পুলিশ পার্বতীপুর থানার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের আলাউদ্দিনের বাড়ি থেকে ৮টি গরু ও নবাবগঞ্জ থানার লালঘাট গ্রামের বাবুর বাড়ি থেকে ২টি গরু উদ্ধার করে। এর আগে আরও ৩টি গরু উদ্ধার করা হয়।
পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, ১৩টি গরুই ধাপে ধাপে মালিকের কাছে ফেরত দেওয়া হয়।