১৯৭৩ সালের দ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্টের ১০ ধারা অনুযায়ী আমার দেশ পত্রিকা অন্য প্রেস থেকে ছাপতে আইনি বাধা নেই। তবে ঢাকার জেলা প্রশাসক এই ধারার অপব্যাখ্যা করে পত্রিকা ছাপতে নিষেধ করছেন।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আমার দেশ কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সম্মেলনে আরও বলা হয়, বিকল্প প্রেস থেকে আমার দেশ প্রকাশে আইনগত বাধা নেই বলে সরকারের একাধিক মন্ত্রী এমনকি জাতীয় সংসদে এ নিয়ে তথ্যমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তবে মন্ত্রীরা মুখে এক কথা বললেও প্রশাসনকে দেওয়া হয়েছে অন্য আদেশ।
সম্মেলনে বলা হয়, বিকল্প প্রেসে অস্থায়ীভাবে পত্রিকাটি ছাপানোর বিষয়ে একটি অবহিতপত্র নিয়ে গত রোববার ঢাকার জেলা প্রশাসকের সঙ্গে আমার দেশ কর্তৃপক্ষ দেখা করে। জেলা প্রশাসক আল-ফালাহ প্রেস থেকে আমার দেশ পত্রিকা ছাপানো যাবে না বলে জানিয়ে দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, আইনের ১০ ধারার উদ্ভট ব্যাখ্যা দিয়ে জেলা প্রশাসক বলেছেন, এটি পত্রিকার নিজস্ব প্রেস অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য। সংবাদ সম্মেলনে আইনের ১০ ধারার ব্যাখ্যা দিয়ে জানানো হয়, এ ধারায় অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর সুযোগ রয়েছে। বিকল্প প্রেসে পত্রিকা ছাপার ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে লিখিতভাবে জানাতে হবে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জেলা প্রশাসকের বক্তব্য উল্লেখ করে বলা হয়, ‘আপনারা আবেদন করতে পারেন। আবেদনটি তদন্ত করা হবে। স্পেশাল ব্রাঞ্চের তদন্তে আপনাদের পক্ষে রিপোর্ট এলে পত্রিকার প্রকাশককে আমার সামনে নিয়ে এসে “বি” ফরম স্বাক্ষর করে সরকারের অনুমতি পেলে বিকল্প প্রেসে ছাপতে পারেন।’
জেলা প্রশাসকের এ ধরনের বক্তব্যের পরে আমার দেশ কর্তৃপক্ষ জেলা প্রশাসককে ২০১০ সালে ৩৬ দিন বিকল্প প্রেস থেকে পত্রিকা প্রকাশ, আইনটি সম্পর্কে হাইকোর্ট বেঞ্চের ব্যাখ্যামূলক আদেশ, আল-ফালাহ প্রেসে পত্রিকার ছাপা বন্ধ করে দায়ের করা মামলা হাইকোর্ট কর্তৃক স্থগিতকরণ এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি সম্পর্কে জানান। তবে জেলা প্রশাসক তাঁর অবস্থানে অনড় থাকেন, পত্রিকা ছাপতে নিষেধ করেন এবং প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ দেন বলেও সম্মেলনে জানানো হয়।
সৈয়দ আবদাল আহমেদ বলেন, আইনের ৭ ধারা অনুযায়ী ‘বি’ ফরম পূরণ করার শর্ত আমার দেশ-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ সময় আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের আইন উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার বলেন, জেলা প্রশাসকের এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া লাগতে পারে। পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে এখন একমাত্র আইনি রাস্তা খোলা আছে বলেও তিনি উল্লেখ করেন। সম্মেলনে আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক ইলিয়াস খান, প্রধান ফটোসাংবাদিক মীর আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।