
মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সেটির আইনি বাধ্যবাধকতা নেই। কালকে যদি সরকার বয়স্ক ভাতা বন্ধ করে দেয়, তবে কারও কিছু বলার থাকবে না। যদি আইনি বাধ্যবাধকতা থাকে, তবে সেটি বন্ধ করা যাবে না। ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আইনি সুরক্ষা’ শীর্ষক এক পরামর্শক সভায় এসব কথা বলেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে এ সভা হয়। আইন কমিশন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, বেসরকারি সংস্থা সংশপ্তক ও অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এই সভার আয়োজন করে। কবি ও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরীয়া এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফুল হক। আরও বক্তব্য দেন সংশপ্তকের সভাপতি আফরোজা নাহার চৌধুরী।
এ বি এম খায়রুল হক বলেন, সরকারের অঙ্গীকারগুলোর মধ্যে একটি হলো খাদ্যনিরাপত্তা। এই আইনের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে নারী ও শিশুদের। প্রসূতি মায়েদের পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, ‘সব জিনিস এক আইনের মধ্যে নিয়ে আসা যাবে, সেটি সম্ভব নয়।’
আইন কমিশনের চেয়ারম্যান বলেন, খাদ্য অধিকার আইনের উদ্দেশ্য হচ্ছে সরকার যে কাজগুলো করছে, সেগুলোকে একটি আইনি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, যাতে ভবিষ্যতে তারা সরে না পড়ে। গত বছর দিয়েছি এ বছর দেব না, এমনটি যাতে না ঘটে।
‘আইনের প্রয়োগ হয় না’ পরামর্শক সভায় উপস্থিত এক নারীর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের দেশে যে পরিমাণ আইন রয়েছে, সে পরিমাণ আইন ইংল্যান্ডেও রয়েছে কি না সন্দিহান। কিন্তু আমাদের প্রয়োগ নেই। প্রয়োগ কখনো হবে না যদি আপনারা-আমরা সচেতন না হই। নিজের অধিকার সম্পর্কে যদি বলতে না শিখি। তাহলে কখনো কোনো আইনের প্রয়োগ সম্ভব নয়।’
আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর বলেন, খাদ্য অধিকার আইন-২০১৬-এর একটি খসড়া তৈরি করেছে আইন কমিশন। সংবিধানে মানুষের জন্য খাদ্যনিরাপত্তার বিষয়টি আছে। তবে কোন প্রক্রিয়ায় কীভাবে সেই অধিকার বাস্তবায়িত হবে, সে-সংক্রান্ত কোনো কিছু নেই। সব বিষয় বিবেচনায় নিয়ে এই আইনের একটি খসড়া তৈরি করা হয়েছে।
আবুল মোমেন বলেন, পরিবর্তন ও উন্নয়নকে এগিয়ে নিতে হলে আইনের আশ্রয় নিতে হয়। এ জন্য খাদ্য অধিকার আইনের দরকার।
গরিব মানুষের খাদ্য পাওয়ার অধিকারের জায়গাটাকে নিশ্চিত করতে হবে বলে জানান ফারাহ কবির। তিনি বলেন, দুর্যোগ বা সমস্যার সময় শুধু খাবার দিলে হবে না, সব সময় খাবার পাওয়ার অধিকার নিশ্চিত করা উচিত।
কাজের বিনিময়ে খাদ্য সরবরাহ করার বিষয়টি আইনি বাধ্যবাধকতার মধ্যে নিয়ে আসার পরামর্শ দেন অধ্যাপক মনজুরুল কিবরীয়া।
অধ্যাপক আসিফুল হক বলেন, জলবায়ু পরিবর্তন ও নানা সমস্যার কারণে মানুষের খাদ্য ও নিরাপদ পানি পাওয়া খুব কঠিন হয়ে পড়ছে। বাজার থেকে যে খাদ্য কেনা হচ্ছে, এর মধ্যে ভেজাল থাকা একটি বড় সমস্যা।