জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবারও অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে আসামিপক্ষ। গতকাল আইনি বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।বিচারপতি নিজামুল হক, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকালও যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। তিনি দাবি করেন, সাঈদী যে নির্দোষ, তা আসামিপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছে বলে তিনি মনে করেন। সাঈদীর বিরুদ্ধে আনা সব অভিযোগ বাতিল হওয়া উচিত।আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষে অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের অপর আইনজীবী মিজানুল ইসলাম। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় অধিবেশনের প্রায় পুরো সময় তিনি রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী সাংবাদিক আবেদ খানের সাক্ষ্যের বিভিন্ন দিক নিয়ে যুক্তি দেন। এই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি আবেদ খান সাক্ষ্য দিয়েছিলেন।এই মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।সাকা চৌধুরীর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১২ ডিসেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১২ ডিসেম্বর দিন ধার্য করেন। গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ক্যামেরা ট্রায়ালে এক নারী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আরজি জানান। ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করেন।ক্যামেরা ট্রায়ালে বিচারক, সাক্ষী, দুই পক্ষের নির্দিষ্টসংখ্যক আইনজীবী ও আসামি ছাড়া আর কেউ এজলাসে থাকতে পারেন না।কাদের মোল্লার আইনজীবীর বাড়িতে গোয়েন্দা পুলিশ: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ গতকাল আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার আইনজীবী সাজ্জাত আলী চৌধুরীর বাসায় গত রোববার রাতে গোয়েন্দা পুলিশ যায়। সাজ্জাত তখন বাসায় ছিলেন না। তবে বাসার অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তাজুল বলেন, এভাবে যদি আইনজীবীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়, তবে তাঁরা পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না।ট্রাইব্যুনাল বলেন, এ ঘটনায় আদেশ দেওয়ার মতো কিছু নেই। বিষয়টি আসামিপক্ষ লিখিতভাবে জানাতে পারে। পরে ট্রাইব্যুনাল তা দেখবেন।