রাজধানীর বারিধারার ডিওএইচএসে চার কিশোরকে মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কিশোরদের পরিবারগুলো। পরিবারের সদস্যরা জানান, সবাই একসঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিওএইচএসের পাঁচ নম্বর সড়কের পার্কে ঘুরতে যায় এ-লেভেলপড়ুয়া কিশোর মুশফিকুর রহমান, তাসবীর ইসলাম, পৃথু আমিন ও ফাহাদ হোসাইন। পার্কে উল্টো পথে হাঁটার অভিযোগে সেনাবাহিনীর সাবেক তিনজন কর্মকর্তা ও এক সার্জেন্ট তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করেন।পরদিন ডিওএইচএস পরিষদ কার্যালয়ে সালিসি বৈঠক হয়। বৈঠকে লেফটেন্যান্ট কর্নেল আজিজুল আশরাফকে ডিওএইচএসের প্রশাসনিক প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে অভিযুক্ত সবার শাস্তি না হওয়ায় কিশোরদের পরিবারের সদস্যরা সালিসের রায়ে অসন্তুষ্টি ও ক্ষোভ প্রকাশ করেন। যোগাযোগ করা হলে ওই কিশোরদের পরিবারের সদস্যরা বলেন, ডিওএইচএস পরিষদের কর্মকর্তারা বিচারের নামে প্রহসন করেছেন। তাঁরা মাত্র একজনকে লঘু শাস্তি দিয়েছেন। অভিযুক্ত দুজনকে বৈঠকে উপস্থিত করার কোনো ব্যবস্থা নেয়নি পরিষদ।