বিতর্কিত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে, তার দায়দায়িত্ব নিরূপণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে লতিফ সিদ্দিকীর নেওয়া এসব সিদ্ধান্ত অনৈতিক জেনেও মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা সরকারি বিধিমালা লঙ্ঘন করে এসব সিদ্ধান্ত নিতে সহায়তা করেছেন, চিঠি জারি করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারের সম্পত্তি হস্তান্তর বা বিক্রয় প্রক্রিয়ায় মন্ত্রীর সঙ্গে আর কারা যুক্ত ছিলেন, সেসব তথ্য ও সুপারিশসহ একটি প্রতিবেদন ইতিমধ্যে তৈরি করেছে মন্ত্রণালয়। ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অফিস করার কথা রয়েছে। সেদিন প্রধানমন্ত্রী এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে আশা করছেন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা। এর প্রস্তুতিমূলক কাজের জন্য গত শুক্রবারও অফিস করেছেন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কাল যোগাযোগ করেছেন এই মন্ত্রণালয়ের সচিব। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানকেও সুপারিশ করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হস্তান্তর হয়ে যাওয়া ৩০টি সম্পত্তি ফেরত আনতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ ছাড়া যে ১৬টি সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়ায় আছে, সেগুলো দ্রুত ফেরত আনতে ইজারা বাতিল করা হবে।
এ ছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রীর বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তা চাইবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় যে ৪৮টি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর বা বিক্রি করেছে, তার অর্ধেকের বেশি সিদ্ধান্তের ক্ষেত্রে মন্ত্রী লতিফ সিদ্দিকী সরাসরি অনিয়ম করেছেন। এ ব্যাপারে পরবর্তী করণীয় জানতে গতকাল আইন মন্ত্রণালায়ের মতামত চাওয়া হয়েছে।
জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফণীভূষণ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবেদনে যেসব অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে, ওই সব অনিয়মের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব অনিয়মের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সচিব বলেন, শুক্রবার সংসদীয় কমিটির চেয়্যারম্যানকে প্রতিবেদনের কথা জানানো হয়েছে। তিনি বলেছেন, কমিটির পরের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন তাঁরা। সচিব জানান, অন্যায়ভাবে দেওয়া সরকারের সব সম্পত্তি ফেরত আনা হবে। উদাহরণ দিয়ে সচিব বলেন, যেমন চট্টগ্রাম সমিতিকে লতিফ সিদ্দিকীর অনুমোদনে ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া মতিঝিলের সরকারি ১১ কাঠা ১৩ ছটাক জমি ফেরত নেওয়ারও প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিবেদনে যে ৪৬ অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মতামত চেয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এ ছাড়া শ্রমিক-কর্মচারীদের কাছে হস্তান্তর করা মিলগুলো যে উদ্দেশে হস্তান্তর হয়েছিল, সে উদ্দেশ্য কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর অনুশাসন পাওয়া গেছে বলে মন্তব্য করেছে কমিটি।
মন্ত্রণালয় সূত্র জানায়, যে সম্পত্তি কম টাকায় বিক্রি করা হয়েছে, সে সম্পত্তি উদ্ধারে ভূমি মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে। বিক্রয় আইনানুগ হয়েছে কি না, তা জানতে অর্থ ও আইন মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে। হস্তান্তর প্রক্রিয়ায় রয়েছে এমন পাঁচটি সম্পত্তির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ক্ষেত্রে সরকারি স্বার্থ রক্ষার জন্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে মন্ত্রণালয়।