আইনি মতামত চেয়েছে স্থানীয় সরকার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন বলেছেন, সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশনে নবনির্বাচিত ব্যক্তিদের নাম গেজেট আকারে যত দ্রুত সম্ভব প্রকাশ করা হবে।আর স্থানীয় সরকার বিভাগ গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের সময় নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছে। ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি-সমর্থিত চারজন মেয়র হয়েছেন। আইন অনুযায়ী, তাঁদের শপথ নিতে তিন মাস অপেক্ষা করতে হবে। সাংবাদিকদের সিইসি: গতকাল নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সামনে শুক্র ও শনিবার। আমাকে আরও দু-চার দিন সময় দিন। চারজন মেয়র, এঁদের সঙ্গে কাউন্সিলরের সংখ্যাও অনেক। এঁদের নাম-ঠিকানা মেলাতে সময় লাগছে। যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে।’ আইনে বলা আছে, গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ নিতে হবে।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে জানতে চাইলে কাজী রকিব বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসিসি উত্তর ও দক্ষিণের নির্বাচন সম্পন্ন করার জন্য কমিশনকে বলা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ভোটার তালিকা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। কেননা ভোটার তালিকা আইন অনুযায়ী পুনর্বিন্যাস করার বিধান রয়েছে। এ সমস্যার সমাধান হয়ে গেলেই ডিসিসি উত্তর ও দক্ষিণের নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয় সরকার বিভাগ: নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী আগের মেয়রদের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করেছে। আবার আইনের কারণেই নতুন মেয়রদের দায়িত্ব নিতে কিছু সময় দেরি হচ্ছে। এতে নতুন মেয়রদের মেয়াদের কোনো হেরফের হচ্ছে না। কারণ আইনে বলা আছে, করপোরেশনের মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর। এই সময়ে প্যানেল মেয়রদের দায়িত্ব পালনের বিধান রয়েছে। তার পরও আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। ওই মতামতের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।ওই কর্মকর্তা আরও বলেন, আগের মেয়ররা পদত্যাগ করে নির্বাচন করেছেন, কিন্তু আগের কাউন্সিলররা রয়েই গেছেন। এখন মেয়াদ শেষ হওয়ার আগে যদি নতুন মেয়ররা শপথ নিয়ে দায়িত্ব নেন, তখন আগের নির্বাচিত কাউন্সিলরদের কেউ যদি মামলা করে দেন তখন তো আরেক জটিলতার সৃষ্টি হবে। এ জন্যই আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়েছে।