যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম জানিয়েছেন, তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীর দায়ের করা মামলা আইনগতভাবে মোকাবিলা করবেন।
গত শুক্রবার মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী ফাহিমা তাহসিনার বিরুদ্ধে মামলা করেন তাঁদের গৃহকর্মী মাসুদ পারভেজ। ১৮ মাস ধরে তাঁকে বিনা পারিশ্রমিকে কাজ করানো এবং নির্যাতনের অভিযোগে তিনি ওই মামলা করেন। সপ্তাহের শেষ কর্ম দিবসে ওই মামলা হওয়ায় গতকাল পর্যন্ত এ নিয়ে কোনো আইনি তৎপরতা এখনো শুরু হয়নি। এদিকে, মাসুদ পারভেজকেও নিউইয়র্কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আইনজীবীর পরামর্শে তিনি আত্মগোপনে আছেন।
যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের সংবাদমাধ্যমে কূটনীতিকের বিরুদ্ধে গৃহকর্মীর মামলার খবরটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এ নিয়ে কূটনৈতিক মহলসহ প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, ভারতীয় কূটনীতিক দেবযানীর ঘটনার পর বাংলাদেশি কূটনীতিকের বিরুদ্ধে একই অভিযোগে মামলা হওয়ায় পশ্চিমা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
মামলার বিষয়ে জানতে চাইলে কনসাল জেনারেল মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, আদালত থেকে তাঁর কাছে এখনো কোনো নোটিশ আসেনি। কোনো তদন্ত সংস্থাও তাঁর সঙ্গে কথা বলেনি। সংবাদমাধ্যমে মামলার বিষয়টি জানার পর তিনি বিষয়টি ঢাকায় পররাষ্ট্র দপ্তরকে অবহিত করেছেন।
মনিরুল ইসলাম বলেন, শিগগির তাঁর মরক্কোতে বাংলাদেশ দূতাবাসে যোগ দেওয়ার কথা। তিনি এ জন্য প্রস্তুতি নিচ্ছেন।