আইনে সুযোগ থাকলেও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির তদন্ত শেষে পাঁচ সচিবের বিরুদ্ধে মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরং সংস্থাটি কমিশনের সিদ্ধান্ত অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে কমিশনের মাসিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা গেছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুদকের নতুন সচিব মাকসুদুল হাসান খান।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের ঘটনাটিকে ৪২০ ধারার অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। এ ধারার অপরাধে মামলা করার এখতিয়ার থাকলেও দুদক আইনি পদক্ষেপে কেন যায়নি সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কমিশন যেটা ভালো মনে করেছে, সে সিদ্ধান্তই নিয়েছে।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দুদকের সচিব বলেন, ‘কমিশন কোনো চাপে নেই। যদি চাপে থাকত, তাহলে মন্ত্রী-এমপি-সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নিত না।’
গত মঙ্গলবার কক্সবাজার জেলার ‘সর্বোচ্চ করদাতার’ পুরস্কার নিয়ে কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি দুদকের চেয়ারম্যান সম্পর্কে যে মন্তব্য করেছেন সে বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান দুদকের সচিব। ওই দিন বদি দুদকের চেয়ারম্যানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। দুদকের চেয়ারম্যানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনার নামও বদি, আমার নামও বদি। বদি বদিকে যদি তাড়ান, সব গুঞ্জাস (গোপন কথা) ফাঁক ফাঁক হয়ে যাবে। আপনার ভিতরে কী আছে, কীভাবে সাদা-কালা করতেছেন, জনগণ সবাই জানতে চায়।’
পদ্মা সেতু দুর্নীতিতে আসামিদের অব্যাহতির বিষয়ে দুদকের সচিব বলেন, কোনো দালিলিক প্রমাণ না পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হয়েছে।
দুদকের আগস্ট মাসের প্রতিবেদন তুলে ধরতে গিয়ে তিনি জানান, এ মাসে কমিশন ১৮টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। এসব মামলায় সম্পৃক্ত রয়েছেন ২৩ জন সরকারি চাকরিজীবী, দুজন ব্যবসায়ী, ছয়জন জনপ্রতিনিধিসহ ৪৯ জন। এ সময়ে ১৭টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এসব অভিযোগপত্রে ১১ জন সরকারি চাকরিজীবী, তিনজন ব্যবসায়ী ও দুজন জনপ্রতিনিধিসহ ২৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ: জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ও আনন্দ গ্রুপের অনিয়ম নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীকে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
গতকাল সকালে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল্লাহ হিল বারীকে দুদকে তলব করা হলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি বলে জানিয়েছেন আফরোজা বারী।
দুদক সূত্র জানায়, ব্যাংকসহ ১৪টি আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার ৬৪৪ কোটি ১৮ লাখ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেনি আনন্দ গ্রুপ। এ ছাড়া জাহাজ রপ্তানি নিয়ে ব্যাংকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ সুবিধা নেওয়ার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে নেওয়া বন্ড সুবিধারও অপব্যবহার করেছে। এসব বিষয়ে একাধিক সরকারি সংস্থার পাশাপাশি দুদকও অনুসন্ধান করছে।