আইনি স্বীকৃতি এখন অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’ ঐতিহাসিকভাবে অধিকার বঞ্চিত, অর্থনৈতিকভাবে নিপীড়িত, সামাজিক বৈষম্যের শিকার গৃহকর্মীদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে তাঁদের আইনি-প্রক্রিয়ায় শ্রমিক হিসেবে শ্রেণীভুক্ত করার ও শ্রম অধিকার প্রদানের আহ্বান জানিয়েছে।
মহান মে দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘ডমেস্টিক ওয়ার্কার্স: ডিভ্যালুয়েশন অ্যান্ড ডিসক্রিমিনেশন’ শীর্ষক যে গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে, তাতে এই আহ্বান জানানো হয়েছে।
গতানুগতিক ধারণাগুলোকে অনাবৃত করে গবেষণাপ্রতিষ্ঠানটি মাঠপর্যায়ের প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তাদের এই গবেষণায় গৃহকর্মীদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। গৃহকর্মীদের এই বৈশিষ্টগুলো হলো—গৃহকর্মীদের শ্রম অদৃশ্যমান, তাঁদের কাজ উৎপাদনমূলক, তাঁরা ভোগ্যপণ্যের গ্রহীতা নয়, ব্যক্তিগত খাতে কাজ করলেও তাঁরা মূলত গণখাতেরই অন্তর্ভুক্ত, চাকরিদাতার সঙ্গে তাঁদের সম্পর্ক আবেগমূলক নয়, কর্মসংস্থানগত এবং তাঁরা শোষিত ও চাকরিদাতার জন্য উদ্বৃত্ত মূল্য তৈরি করে। এর ফলে তাঁরা ন্যায্য মজুরি প্রাপ্তি থেকে বঞ্চিত হন।
বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে গৃহকর্মীদের ওপর জরিপ চালিয়ে গবেষণাপ্রতিষ্ঠানটি জানাচ্ছে যে একজন গৃহকর্মী সপ্তাহে গড়ে ৫৮ দশমিক ১ ঘণ্টা কাজ করেন, যা একজন কৃষি ও অকৃষিশ্রমিকের চেয়ে চার ঘণ্টা বেশি। কিন্তু একজন গৃহকর্মী একজন কৃষিশ্রমিকের চেয়ে ১ দশমিক ২৭ গুণ এবং একজন পোশাকশিল্প শ্রমিকের চেয়ে ২ দশমিক শূন্য ৯ গুণ কম মজুরি পান ।
জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্যানুযায়ী, উন্নয়ন অন্বেষণ বলছে যে একজন গৃহকর্মী মাসে দুই হাজার ৫৩৫ টাকা ৭৬ পয়সা আয় করে, অন্যদিকে একজন পোশাকশিল্প শ্রমিকের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা। তবে গবেষণাপ্রতিষ্ঠানটি বলেছে, মজুরির পার্থক্য নির্ণয় জটিল। কেননা, একাধিক নির্ধারণী মানদণ্ড আছে। আর তাই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরের গৃহকর্মীদের গড় দৈনিক আয় যথাক্রমে ১১৪ দশমিক ৪৪, ৭৪ দশমিক ৮৬, ৩৭ দশমিক ৩২, ৪৭ দশমিক ৭৫, ৫৫ দশমিক ৬৪, ৬৪ দশমিক ৭৬ ও ৫৫ দশমিক ৯৯ টাকা।
আবার একজন নারী গৃহকর্মী সপ্তাহে গড়ে ৬৩ ঘণ্টা কাজ করে, যা কিনা একজন নারী কৃষিশ্রমিকের চেয়ে নয় ঘণ্টা এবং অকৃষিশ্রমিকের চেয়ে ১২ ঘণ্টা বেশি। পক্ষান্তরে একজন নারী গৃহকর্মী যে মজুরি পান, তা একজন কৃষি ও অকৃষি দিনমজুরের মজুরির যথাক্রমে ৫৬ দশমিক ২ ও ৩০ দশমিক ৮ শতাংশ মাত্র।
গবেষণাপ্রতিষ্ঠানটির মাঠপর্যায়ের জরিপ অনুযায়ী, ৫৭ দশমিক ৫ শতাংশ শিশু গৃহকর্মী দৈনিক নয় ঘণ্টার বেশি সময় কাজ করে এবং ১২ শতাংশ শিশু গৃহকর্মীর কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। একজন শিশু গৃহকর্মী মাসে গড়ে এক হাজার ১৮৫ টাকা মজুরি পায়, যেখানে ২৮ দশমিক ৭ শতাংশ শিশু গৃহকর্মী কোনো নিয়মিত মজুরি পায় না।
গবেষণাপ্রতিষ্ঠানটি ‘একাধিক স্তরবিশিষ্ট নমুনায়ন পদ্ধতি’ ব্যবহার করে দেশের সাতটি প্রশাসনিক বিভাগের সাতটি জেলায় জাতীয় পর্যায়ের জরিপটি সম্পাদন করে। ‘সংখ্যা সম্ভাব্যতা সমানুপাতিক পদ্ধতি’তে প্রতিটি জেলা থেকে খানার সংখ্যা নির্ধারণ করা হয়েছে। দৈবচয়নের মাধ্যমে মোট ৫৩৬ জন গৃহকর্মীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৮৯ জন গ্রাম এবং ৩৪৭ জন শহর থেকে নেওয়া হয়েছে।
উন্নয়ন অন্বেষণ আরও দেখিয়েছে, গৃহকর্মে মজুরির পার্থক্য ও অধিকার বৈষম্য প্রধানত শ্রমিকের পর্যাপ্ততা ও সহজে প্রতিস্থাপনযোগ্যতার কারণে হয়ে থাকে, যা গৃহকর্মীদের মজুরি হ্রাস ও তাঁদের অধিকার খর্ব করে। পক্ষান্তরে আইন ও প্রশাসনিক কাঠামোর দুর্বলতার কারণে এই শ্রমিকেরা তাঁদের অধিকার আদায়ের জন্যও সোচ্চার হতে পারেন না।
গবেষণাপ্রতিষ্ঠানটি আরও দেখেছে যে নীতিনির্ধারকেরা গৃহকর্মীদের হয়রানির বিষয়ে যতটা উদ্বিগ্ন, তাঁদের ন্যূনতম মজুরি ও অধিকার আদায়ের ব্যাপারে ততটাই উদাসীন। নীতিনির্ধারকেরা চাকরিদাতা শ্রেণীর বিচিত্রতা ও বেশির ভাগ মধ্যবিত্ত পরিবারের গৃহকর্মীদের ওপর নির্ভরশীলতার কথা উল্লেখ করে গৃহকর্মীদের মজুরি ও অধিকারের বিষয়টি সচেতনভাবে এড়িয়ে যান।
গৃহকর্মীদের সামগ্রিক শ্রমশক্তিতে অন্তর্ভুক্ত না করার বিষয়টি উল্লেখ করে উন্নয়ন অন্বেষণ বলছে যে তাঁদের সামগ্রিক শ্রমশক্তির অন্তর্ভুক্তীকরণ জরুরি। এর মাধ্যমে তাঁদের ন্যূনতম মজুরি, অতিরিক্ত সময়ের কাজের মজুরি, নিয়মিত অবসর ও খাওয়ার সময়, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ, কর্মস্থলে হয়রানি বা অসদাচরণের সম্মুখীন না হওয়া, সবেতন ছুটি ও কর্মসংস্থানের চুক্তি বাতিলের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।