আইনে ভর্তি হতে বেআইনি পন্থা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষার্থী ছিলেন ভাই। কিন্তু ভর্তি পরীক্ষায় বসেন তাঁর বিশ্ববিদ্যালয়পড়ুয়া বোন। উত্তরপত্রে (ওএমআর শিট) বোন নিজের নামে স্বাক্ষর করলেও উল্লেখ করেন ভাইয়ের ভর্তি পরীক্ষার রোল নম্বর। ভর্তি-ইচ্ছুক ওই শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণও হন। কিন্তু গতকাল রোববার ভর্তি হতে এসে আটক হন ওই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি-ইচ্ছুক ওই শিক্ষার্থীর নাম দিদারুল আলম। তাঁর বাড়ি কক্সবাজারের সদর এলাকায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের (আইন অনুষদ) ভর্তি পরীক্ষা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় ৪ ডিসেম্বর। সাক্ষাৎকারে অংশ নেন দিদারুল নিজেই।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জিয়াউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভাই দিদারুলের বদলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাঁর বোন। কিন্তু ওএমআর শিটে (উত্তরপত্র) ছাত্রীটি নিজের নাম এবং বৃত্ত ভরাটে ভাইয়ের নাম উল্লেখ করেন।’বিভাগের সভাপতি মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার বলেন, ‘গত বৃহস্পতিবার আইন বিভাগের প্রথম বর্ষে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হওয়া পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করছিলাম। এ সময় দিদারুলের কাগজপত্র নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। আজ (গতকাল রোববার) ভর্তি হতে এলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে সবকিছু স্বীকার করে।’ এরপর তাঁকে আটক করে দুপুরেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ কে এম জিয়াউর রহমান বলেন, ‘দিদারুল ও তাঁর বোনের কাছ থেকে মুচলেকা নিয়ে রাতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। মূলত সামাজিক মর্যাদার বিষয়টি চিন্তা করেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।’