আইনেই সীমাবদ্ধ স্থানীয় সরকারের ক্ষমতা
দেশের আইনে ইউনিয়ন পরিষদকে (ইউপি) যে ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক দেশের কেন্দ্রীয় সরকারেরও সেই ক্ষমতা নেই। কিন্তু সেই আইন প্রয়োগের ক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। আইন প্রয়োগ তো দূরের কথা, স্থানীয় সরকার স্বাধীনভাবে কাজই করতে পারে না।‘গণতান্ত্রিক স্থানীয় সরকার শক্তিশালীকরণ: বাংলাদেশের স্থানীয় সরকারের ভূমিকা ও কর্তৃত্ব সম্পর্কে একটি অনুসন্ধান’ শীর্ষক এক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।ইউএসএআইডির সহায়তায় বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয় ও নগর গবেষণা সংস্থা সেন্টার ফর আরবান স্টাডিজ গতকাল সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ওই সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে প্রধানত স্থানীয় সরকার আইনের গবেষণাধর্মী পর্যালোচনা নিয়ে উপস্থাপিত দুটি প্রবন্ধের ওপর আলোচনা হয়।আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, স্থানীয় সরকার হচ্ছে রাষ্ট্রের স্তম্ভ। স্তম্ভ শক্তিশালী করা না গেলে ইমারতই দাঁড় করানো যাবে না। এখানে এই স্তম্ভ শক্তিশালী করার বিষয়ে সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে।সাংসদ আ ক ম মোজাম্মেল হক বলেন, স্থানীয় সরকারকে আইনে অনেক ক্ষমতা দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষমতা তাদের নেই। স্থানীয় সরকারের অনেক নির্বাচিত প্রতিনিধি তাঁদের ক্ষমতা সম্পর্কে জানেনও না। তিনি প্রতিনিধি ও জনগণকে আইনগুলো সম্পর্কে জানানো ও সচেতন করার পরামর্শ দেন। তিনি সাংসদদেরকে উপজেলা পরিষদের উপদেষ্টা করার সমালোচনা করে বলেন, ‘এতে সাংসদদের অপমানিত করা হয়েছে। হাতির পিঠ থেকে নামিয়ে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হয়েছে।’বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক সরওয়ার জাহান বলেন, স্থানীয় সরকারকে আইনে অনেক দায়িত্ব দেওয়া আছে। কিন্তু প্রকৃতপক্ষে স্থানীয় সরকার ওই আইন প্রয়োগ করার মতো স্বাধীন নয়। তিনি স্থানীয় সরকারকে অর্থনৈতিক ও কারিগরিসহ সব দিক থেকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন।সেন্টার ফর আরবান স্টাডিজের নির্বাহী পরিচালক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান সম্মেলন সঞ্চালনা করেন। বিআইআইএসএসের গবেষক মাহফুজ কবীর ও নগর পরিকল্পনাবিদ সালমা এ শফি দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।মাহফুজ কবীর তাঁর প্রবন্ধে বলেন, উপজেলা পরিষদ আইনে (২০০৯) নিজস্ব রাজস্ব সংগ্রহ করার কথা উল্লেখ আছে। কিন্তু উপজেলা বিষয়ে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বপূর্ণ প্রভাব ও দুর্বল অর্থনৈতিক ভিত্তি উপজেলাগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ন্ত্রিত অর্থপ্রবাহের ওপর নির্ভরশীল করে রেখেছে। যেখানে আইনের ভিত্তিতে জনগণের মতামত নেওয়া ঐচ্ছিক, সেখানে সংসদ সদস্যদের পরামর্শ নেওয়াকে আবশ্যিক করা হয়েছে।ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ১৩টি স্থায়ী কমিটি ও ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে প্রদত্ত সেবাসমূহের মান পরিবীক্ষণের সুযোগ রয়েছে। তবে এসব কমিটির পরিবীক্ষণ কার্যক্রম খুব কমই পরিলক্ষিত হয়।অনুষ্ঠানে কয়েকজন সাংসদ, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।