স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘নারীদের অধিকার আদায়ের জন্য তাঁদেরই এগিয়ে আসতে হবে। নারীদের জন্য আইনও তো পুরুষেরা বানান, তাই অসংগতি থাকতে পারে। তবে আপনারা যদি সেগুলো ধরিয়ে দেন তাহলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।’
গতকাল শনিবার ফরিদপুরে ‘নারী উন্নয়ন ফোরামে’র আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন ওই কথা বলেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারীদের উদ্দেশ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নারী ফোরাম নারীর রক্ষাকবচ তথা ওয়াচডগ হিসেবে গঠন করা হয়েছে। এ ফোরামের মাধ্যমে আপনারা জোর গলায় দাবি তুলুন। মিষ্টি গলায় কথা বলে ক্ষমতায় যাওয়া যায় না। আপনারা জোর করে আপনাদের দাবি আদায় করে নিন।’
কর্মশালায় গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুরের ২৯টি উপজেলা ও ৫টি জেলা কমিটির নারী ফোরামের সদস্যরা অংশ নেন। এতে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের ফলের দিকে ইঙ্গিত করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনের সময় বিএনপি সারা মাঠ চষে বেড়িয়েছে। তবে আমরা পথে নামিনি। তারপরও জিততে পারেনি বিএনপি। ৮০ হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়ে আজ মিনমিন গলায় কারচুপির অভিযোগ তুলছে। যে দল নির্বাচনের আগেই হেরে যায়, সে দলের পক্ষে ক্ষমতায় আসা মুশকিল।’
কর্মশালায় আরও বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ সরকার, ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।