আইনের আশ্রয় নেওয়ায় সমাজচ্যুত
সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে থানায় অভিযোগ করায় সমাজপতিরা তিনটি পরিবারকে সমাজচ্যুত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সমাজচ্যুত পরিবারগুলোর পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) জানানো হয়েছে। উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ ও কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলার হামকুড়িয়া গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে আবু সাঈদ ও শফিকুল ইসলামের সঙ্গে দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আফজাল হোসেন, আহাদুল ইসলাম এবং মোফাজ্জল হোসেনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মোফাজ্জল ২৯ নভেম্বর আবু সাঈদ ও শফিকুলের বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন। পরে বিরোধ নিষ্পত্তির জন্য বাদী ও বিবাদীদের থানায় ডাকা হয়। এ ঘটনা জানাজানি হলে দক্ষিণ শ্যামপুর গ্রামের সমাজপতিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত বৃহস্পতিবার গ্রামের মাতব্বর আবদুল মান্নান, সোরহাব হোসেন ও আবদুল মালেক লোকজন নিয়ে সালিস বৈঠকের আয়োজন করেন। বৈঠকে আফজাল, আহাদুল ও মোফাজ্জল অনুপস্থিত থাকায় তাঁদের পরিবারকে সমাজচ্যুত করা হয়। এর পর থেকেই তাঁদের পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না।
মোফাজ্জলের ছোটভাই তাইবুর রহমান অভিযোগ করেন, ‘গ্রাম্য সালিস ডাকা হলে আমরা সময় প্রার্থনা করি। আমাদের আবেদনে সাড়া না দিয়ে তাঁরা একতরফাভাবে সমাজচ্যুত করার সিদ্ধান্ত নেন। থানায় অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁরা এই অন্যায় সিদ্ধান্ত নিয়েছেন। বড় ভাইয়ের অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনতে গেলে গ্রাম্য মাতব্বর আবদুল মান্নান তাতে বাধা দিচ্ছেন। জমিতে কৃষিকাজ করতে গেলেও শ্রমিকদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় আমার তিন ভাইয়ের পরিবার মানবেতর জীবন যাপন করছে। এর প্রতিকার চেয়ে শনিবার ইউএনওকে জানিয়ে তাড়াশ থানায় একটি জিডি করেছি।’
মাতব্বর আবদুল মান্নান জানান, সালিসে জমিজমা-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে দেওয়ার আশ্বাস দিলেও তাঁরা থানা-পুলিশ করেছে। গ্রামের সালিসে যোগ না দেওয়ায় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হক বলেন, ইতিপূর্বে অভিযোগ পেয়ে বিবাদীদের থানায় তলব করা হয়েছিল। কিন্তু তাঁরা হাজির হননি। বাদীপক্ষ থেকে সমাজচ্যুত করার বিষয়ে একটি জিডি করা হয়েছে। আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও শরিফ রায়হান কবির জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয়টি জানার পর তিনি তা স্থানীয়ভাবে মীমাংসা করার পরামর্শ দিয়েছিলেন। তবে সমাজচ্যুত করার বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।