আইনের আশ্রয় নেবেন নিহত প্রশিক্ষণার্থী বৈমানিকের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত তামান্না রহমান
নিহত তামান্না রহমান

রাজশাহীতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের মা বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল অ্যাভিয়েশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তাঁর দাবি, কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কানাইয়া এলাকায় তামান্নার দাফনের পর মা রোহানা ইয়াসমিন দাবি করেন, তাঁর মেয়েকে মেরে ফেলা হয়েছে। তামান্নার বাবার সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন বলে তিনি জানান। তাঁর দাবি, ‘আমার মেয়ে অন্যদের তুলনায় মেধাবী হওয়ায় এবং তাঁর সাফল্যে প্রতিহিংসার বশবর্তী হয়েই তাঁকে ত্রুটিপূর্ণ বিমানে ওঠানো হয়।’
মা রোহানা ইয়াসমিন অভিযোগ করেন, তামান্নাকে উদ্ধার এবং প্রাণে রক্ষা করার জন্য সাহায্য চাইলেও তাঁকে সঠিক সময়ে উদ্ধার করা হয়নি। প্রায় আধা ঘণ্টা পর ওই বিমান থেকে তাঁর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়। এতে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। আর ত্রুটিপূর্ণ বিমান ব্যবহারের ফলে প্রায় প্রতি বছরই এভাবে প্রশিক্ষণার্থী মারা যাচ্ছে বলেও তাঁর অভিযোগ।
এদিকে আজ সন্ধ্যা ছয়টার দিকে তামান্না রহমানকে গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় দাফন করা হয়েছে। এর আগে দুপুরে ঢাকার উত্তরার নিকুঞ্জ-২ এলাকায় এবং বাদ আছর গাজীপুরের কানাইয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার দুপুরে রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড সিভিল অ্যাভিয়েশনের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান মারা যান। দুর্ঘটনায় লে. কর্নেল (অব.) সাইদ কামাল (৫০) মারাত্মক আহত হন। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে প্রথমে রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তাঁকে বিমানে করে ঢাকায় পাঠানো হয়। তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।