আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষায় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় উপস্থাপনের আগে আইনের খসড়াগুলো ঠিক আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আট সদস্যের একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে (আইন) আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রণয়ন করা প্রস্তাবিত আইনের ভাষাগত উৎকর্ষ সাধন, বিষয়গত যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা, অন্যান্য আইনের সঙ্গে সামঞ্জস্য ও সমন্বয় করবে এ কমিটি। এ ছাড়া আইনের খসড়া পর্যালোচনার সময় এই কমিটি প্রস্তাবিত আইনের সঙ্গে সংশ্লিষ্ট আইন, বিধি, প্রবিধান, রীতি, উচ্চ আদালতের সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ (যদি থাকে), আইন প্রণয়ন বা সংশোধনের উদ্দেশ্য ও এর সম্ভাব্য প্রভাব এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন, চুক্তি, কনভেনশন, সমঝোতা স্মারক, সিদ্ধান্ত, প্রটোকল বিবেচনা করবে।

কমিটিতে সদস্য হিসেবে থাকবেন আইন প্রণয়নে উদ্যোগী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সিআর), লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের যুগ্ম সচিব (ড্রাফটিং), জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব (আইন প্রণয়ন), অর্থ বিভাগের উপসচিব (বাজেট-২৩, আর্থিক সংশ্লেষ থাকলে) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের অ্যাসাইনমেন্ট কর্মকর্তা। কমিটিতে সদস্যসচিব হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব বা জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন)। কমিটি প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের আইন অধিশাখা এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।