আইনের ছাত্ররা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনের ছাত্ররা সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাধারণ মানুষের জন্যও তাঁদের অনেক কিছু করার সুযোগ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্রদের সংগঠন এলএলএম লইয়ার্স অ্যাসোসিয়েশনের (ডিইউএলএলএ) ষষ্ঠ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তীব্র প্রতিযোগিতার মাধ্যমে আইন বিভাগে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। মেধাবী এই ছেলেমেয়েরা কেবল দেশের বিচারাঙ্গন নয়, প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, সামাজিক বৈষম্য দূর করতে আইনের ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
অনুষ্ঠানের বিশেষ অতিথি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, ‘আইনজীবী হিসেবে কীভাবে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে হয়, কীভাবে ওকালতি করতে হয়, সেসব না জেনেই অনেকে আদালতে চলে আসেন। আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা কোনো শিক্ষার্থী সেটা করুক। ভালো আইনজীবী হতে হলে বেশি করে চর্চা করতে হবে। আগে শিখুন তারপর আদালতে আসুন। তরুণ আইনজীবীদের এই শিক্ষার জন্য ডিইউএলএল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে কারণেই আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম।’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু তাঁর “অসমাপ্ত আত্মজীবনী”তে দেশের বিচার ব্যবস্থার দৈন্যদশার কথা বলেছিলেন। আজকেও কি অবস্থার খুব বেশি উন্নতি হয়েছে?’ আইনজীবীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা দরিদ্রদের জন্য প্রত্যেক বছরে অন্তত একটি মামলা হলেও লড়ুন। তাতে মানুষ বুঝবে, ওকালতি কেবল আয়ের জন্য নয়, একটি মহৎ পেশাও।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্টের বিচারপতি মিফ্তাহ উদ্দিন চৌধুরী, এ কে এম আবদুল হাকিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওয়াহিদুজ্জামান চাঁদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান বোরহানউদ্দিন খান, সাবেক সাংসদ ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্টের বারের সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, জয়নাল আবেদিন, সমিতির সাধারণ সম্পাদক শেখ আলী আহমেদ খোকন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউএলএলএর সভাপতি এ কে এম ফয়েজ।
হাইকোর্টের বিচারপতি, নিম্ন আদালতের বিচারক, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।