আইনের দীর্ঘসূত্রতা দূর করা গেলে দুদক বাঘে পরিণত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা অর্থ ও বিত্ত—সবদিক থেকে প্রভাবশালী। তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। সংস্কার করে আইনের দীর্ঘসূত্রতা নিরসন করতে পারলে দুদক সত্যিকার বাঘে পরিণত হবে।গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গোলাম রহমান এ কথা বলেন। তিনি বলেন, আইনি জটিলতার কারণে দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা শাস্তির বিষয়টিতে দীর্ঘসূত্রতার সৃষ্টি করে। এতে দুদকের কর্মকাণ্ডে যতটা প্রভাব পড়ার কথা, ততটা পড়ছে না। ফলে দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা মনে করে, দুর্নীতি করলে কোনো শাস্তি হয় না। এ জন্য আইনি পদ্ধতির সংস্কার প্রয়োজন।দুদক চেয়ারম্যান বলেন, দুদক কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ছাড় দেয় না। সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। তিনি বলেন, ‘মানুষ যদি দেখত দুর্নীতি করার কারণে ১০০ জন কারাগারে রয়েছে, দুর্নীতি করলে পার পাওয়া যায় না, তাহলেই দুদকের প্রতি মানুষের আস্থা বাড়ত।’পরে যশোর কালেক্টরেট সভাকক্ষে দুদক চেয়ারম্যানের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা হয়।