আইনের নতুন আদর্শ ঘোষণার ফলে ভবিষ্যতেও তিনি আলোচিত হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে কতখানি প্রাসঙ্গিক হবে, তার নিরিখেই হাইকোর্টের বিচারের রায় মূল্যায়ন করা হয়। বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের দেওয়া বিচারের রায় এখনো নিম্ন আদালতের পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়ে থাকে। বিচারের রায় দেওয়ার সময় আইনের নতুন ও গুরুত্বপূর্ণ আদর্শ ঘোষণার কারণে ভবিষ্যতেও তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন।গতকাল শনিবার বিচারপতি মুহাম্মদ ইব্রাহিম স্মারক বক্তৃতায় এ মন্তব্য করেন সাবেক বিচারপতি কাজী এবাদুল হক। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজী এবাদুল হক বলেন, মুহাম্মদ ইব্রাহিমের দেওয়া রায়গুলো ছিল সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট ও সহজবোধ্য। তাঁর রায়গুলো মান ও গুরুত্বের দিক থেকে স্যার আশুতোষ মুখার্জির রায়ের সঙ্গে তুলনীয়। সভাপতির বক্তব্যে এশিয়াটিক সোসাইটির ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, মুহাম্মদ ইব্রাহিম সামরিক সরকার আইয়ুব খানের মন্ত্রিসভায় যোগ দিলেও মতের মিল না হওয়ায় পদত্যাগ করে দুঃসাহসের পরিচয় দেন। দেশের বিচারব্যবস্থা, প্রশাসন ও শিক্ষাব্যবস্থায় অবদানের জন্য জাতি তার কৃতী সন্তানকে চিরকাল স্মরণ করবে। স্মারক বক্তৃতা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন এশিয়াটিক সোসাইটির ট্রাস্ট ফান্ডের আহ্বায়ক আহমেদ এ জামাল।