আইনের পরিভাষায় গুম বলে কোনো শব্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, আইনের পরিভাষায় গুম বলে কোনো শব্দ নেই। তবে দণ্ডবিধির ৩৬৪/৩৬৫ ধারার সংজ্ঞায় অপহরণের কথা রয়েছে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে বিএনপির মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৫৩৭ জন অপহূত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৮০ জনকে উদ্ধার করেছে। অপর ৫৭ জনের অবস্থান নির্ণয় করে তাদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গতকাল প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে পুলিশে ন্যাশনাল ব্যুরো অব কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন পদবির ৯৬২টি পদের প্রস্তাব প্রক্রিয়াধীন।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, গত বছর সারা দেশে তিন হাজার ৪৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে তিন হাজার ৩৬৫ জন। নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে তিনি জানান, গত বছর ১১ লাখ ৮৯ হাজার ৪৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক হাজার ২৪২টি মামলা করা হয়েছে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ইয়াবা পাচার, সরবরাহ ও বহনকারীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।বিএনপির হারুনুর রশিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে হয়রানিমূলক রাজনৈতিক মামলা বিবেচনায় সাত হাজার ৩২টি মামলা প্রত্যাহারের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি সুপারিশ করেছে। এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ নেতা-কর্মী রয়েছেন। তিনি জানান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের লক্ষ্যে বিরোধী দলসহ অনান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা প্রত্যাহার-সংক্রান্ত গঠিত জেলা কমিটির মতামতসহ পাঠানো রেকর্ডপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর কেন্দ্রীয় কমিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।