আইনের প্রতি অশ্রদ্ধা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়কের দাবিতে গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ করে বিভিন্ন সংগঠন l ছবি: প্রথম আলো
নিরাপদ সড়কের দাবিতে গতকাল সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ করে বিভিন্ন সংগঠন l ছবি: প্রথম আলো

আইনের প্রতি শ্রদ্ধার অভাব এ দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। আইনের রক্ষাকর্তারাও এ দেশে আইনের তোয়াক্কা করেন না। এই অশুভ চর্চা বন্ধ করতে হবে।

গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে বক্তারা এ কথা বলেন। ল্যাব ’০২, নিরাপদ সড়ক চাই (নিসচা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), গ্রিন ভয়েস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, তরুপল্লব, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও বাংলাদেশ সাইক্লিস্ট ফেডারেশন যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যাঁরা ভিআইপি, যাঁরা আমাদের রোলমডেল, তাঁরাই যদি উল্টো পথে গাড়ি চালান তাহলে আমরা কার কাছে যাব। তাঁদের আইন ভাঙার কারণে সাধারণ মানুষের মাইন্ড সেট দাঁড়িয়ে গেছে যে এ দেশে আইন না মানলে কিছু হয় না।’ ইলিয়াস তাঁর বক্তব্যে উল্টো পথে গাড়ি চালানোর বিরুদ্ধে রুল জারির জন্য উচ্চ আদালতের প্রতি অনুরোধ জানান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ বলেন, যাঁরা বিচারের দায়িত্বে তাঁরাই বিচারহীনতার কাজগুলো করছেন। এই সংস্কৃতির অবসান দরকার।

সমাবেশে সংগঠনগুলোর পক্ষ থেকে সড়কে নিরাপদ যাতায়াতের জন্য উল্টো পথে গাড়ি চালানো বন্ধ করা, ভুয়া লাইসেন্সধারীদের শাস্তির আওতায় আনা, রেল ও নৌব্যবস্থার আধুনিকীকরণসহ ১৫টি দাবি জানানো হয়।

বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান, বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন।