স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভেজাল প্রয়োগকারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে হবে, যেন তারা খাদ্যে ভেজাল মেশাতে সাহস না পায়। কঠোরভাবে আইন প্রয়োগ করা গেলে এটা সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার ঢাকায় মহাখালীতে জাতীয় খাদ্যনিরাপত্তা ল্যাবরেটরি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যত বিখ্যাত প্রতিষ্ঠানই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
স্বাস্থ্যমন্ত্রী উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিদের ভেজালবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে বলেন, স্যানিটারি পরিদর্শকেরা হাট-বাজারে নিয়মিত যাচ্ছেন কি না, তা তত্ত্বাবধান করার দায়িত্ব জনপ্রতিনিধিদের দেওয়া হবে। রাজধানীসহ সব বড় বড় শহরে ভ্রাম্যমাণ আদালতকে আরও গতিশীল করার কথা বলেন তিনি। এর আগে মোহাম্মদ নাসিম মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর কমপ্লেক্সে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিজ্ঞপ্তি।