আইনের ফাঁক গলে বেরিয়ে আসছে হিযবুত সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের দায়সারা তদন্তের কারণে গ্রেপ্তারের পরও আইনের ফাঁক গলে বারবার বেরিয়ে আসছে হিযবুত তাহরীরের সদস্যরা। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির অভিযোগে বিভিন্ন সময় এদের গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। অনেককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পেলেও নিয়মিত মামলা হয়েছে খুবই কম।আদালত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরের হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) হয়। এসব জিডির মধ্যে মাত্র ২৪টি গ্রেপ্তারের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। ফলে অন্যরা সহজেই আদালত থেকে জামিন পেয়ে আবার নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমে যুক্ত হয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিডিআর বিদ্রোহের পর গত এক বছরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগে হিযবুত তাহরীরের সদস্যদের বিরুদ্ধে যে ২৪টি নিয়মিত মামলা হয়েছে, তাতে মোট আসামি ৪৫ জন। এসব মামলার মধ্যে মাত্র ১০টির আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এসব মামলার মধ্যে একটিতে সাতজন আসামি। বাকিগুলোতে আসামি এক থেকে তিনজন করে। পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দায়সারা তদন্ত ও নিয়মিত মামলা করতে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ সংগঠনটির গ্রেপ্তার হওয়া সদস্যরা অনেকে মুক্তি পেয়েছে। তিনি উদাহরণ হিসেবে বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে মোহাম্মদপুর এলাকা থেকে বেশ কিছু হিযবুত তাহরীরের সদস্যকে আপত্তিকর সাংগঠনিক কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমে এটা ব্যাপক প্রচার হয়। কিন্তু ওই ঘটনায় গত বছর শাহজাহান আলী নামে এক সদস্যের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করে পুলিশ দায়িত্ব শেষ করে। পরে অভিযোগপত্রেও শুধু শাহজাহানকে আসামি করা হয়।দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১২-এর অতিরিক্ত সরকারি কৌঁসুলি এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, এসব মামলায় দেখা যায়, দাঙ্গা-হাঙ্গামা, জনসাধারণের শান্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘটানোর চেষ্টার অপরাধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু এ ধরনের অপরাধ এক বা দুই-তিনজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। ফলে বিচারের সময় আসামিপক্ষ এই যুক্তি উপস্থাপন করে আইনগত সুবিধা পেতে পারে।পুলিশের আরেক কর্মকর্তা বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে হিযবুত তাহরীরের সদস্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের কার্যকলাপ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু তখন এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। গত বছর বিডিআর বিদ্রোহের পর সরকার সজাগ হয়।এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, সংগঠনটি নিষিদ্ধ হওয়ার পর এখন কাউকে ধরার পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হচ্ছে। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের অভিযোগেও মামলা করার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ হওয়ার আগে মামলাগুলো হয়তো শক্তভাবে করা সম্ভব হয়নি। তবে এখন প্রতিটি মামলা যাতে যথাযথভাবে তদন্ত করা হয়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে।