আইনের বাস্তবায়ন হচ্ছে না আইন মানছেন না আমলারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ আইন সংশোধন করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্ষমতা বাড়ানো হলেও আইনটির বাস্তবায়ন হয়নি। এ ছাড়া আমলারা আইন মানছেন না। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (উজপ্যাব) পক্ষ থেকে এ দাবি করা হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ আইন বাস্তবায়নের দাবি জানান উজপ্যাবের সভাপতি ময়মনসিংহ সদর উপজেলার চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির। তিনি বলেন, ‘সরকার উপজেলা পরিষদ আইন সংশোধন করায় আইনটি যথেষ্ট শক্তিশালী হয়েছে। কিন্তু আইনটির কোনো বাস্তবায়ন হচ্ছে না। আইনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের যেসব দায়িত্ব দেওয়া হয়েছে, ইউএনওরা সে-সংক্রান্ত নথিপত্র এখনো হস্তান্তর করেননি। ১২টি মন্ত্রণালয়ের ১৭টি বিভাগের দায়িত্ব পরিষদের কাছে হস্তান্তরের কথা থাকলেও তা করা হচ্ছে না।’ অনুষ্ঠানে উজপ্যাবের পক্ষ থেকে ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। সংসদের গত অধিবেশনে স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন সংশোধন করে বিল পাস হয়। এতে ইউএনওদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যানদের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। আইনে আরও বলা হয়েছে, পরিষদের কর্মকর্তাদের বার্ষিক কর্মদক্ষতা প্রতিবেদন (এপিআর) চেয়ারম্যানরা তৈরি করবেন। ইউএনওরা পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। উজপ্যাবের সভাপতি ফয়জুর রহমান বলেন, আইনের এ বিধান ইউএনওরা মানছেন না। ইউএনওরা তাঁদের প্রভুত্বের জায়গাটি ছেড়ে দিতে রাজি নন। উজপ্যাবের ১৩ দফা দাবির মধ্যে আছে ১৭টি বিভাগের দায়িত্ব উপজেলা পরিষদের কাছে হস্তান্তর, সংবিধান অনুযায়ী বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকার নীতিমালা প্রণয়ন, স্থানীয় সরকার কমিশন গঠন, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদমর্যাদা সুনির্দিষ্ট করা, ফৌজদারি মামলার অভিযোগপত্র গৃহীত হলে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করার বিধান বাতিল, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিষদের তহবিলে হস্তান্তর এবং অবিলম্বে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শূন্যপদে নির্বাচন অনুষ্ঠানের দাবি।