পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম বলেছেন, আইনের বিশেষ বিধানের মাধ্যমে এবার ভূমিবিরোধ নিষ্পত্তি করা হবে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে ভূমি কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।কমিশন চেয়ারম্যান জানান, এত দিন কমিশনের সদস্যরা উপস্থিত না থাকায় কোরাম সংকটের কারণে বিচার কার্যক্রম মুলতবি ছিল। তবে এখন কোরাম সংকটের কারণে বিচারকাজ থেমে থাকবে না। বিশেষ বিধানের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হবে। তিনি আগামী ২৩ ও ২৪ মে মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। এ সময় ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলামের সঙ্গে কমিশনের সদস্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম ও কমিশনের সচিব আবদুল হামিদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গতকাল কমিশনের খাগড়াছড়ি কার্যালয়ে ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য শুনানি ছিল, কিন্তু কোরাম সংকটের কারণে শুনানি হয়নি।বিচারপতি খাদেমুলের বক্তব্যের জবাবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) এর কো-চেয়ারপারসন সুধাসিন্ধু খীসা গতকাল প্রথম আলোকে বলেন, বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নে মোটেই আন্তরিক নয়। এর অন্যতম উদাহরণ হলো, চুক্তি অনুযায়ী ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের যে ১৯টি বিরোধাত্মক ধারা বিদ্যমান, তা গত তিন বছরেও সংশোধন করা হয়নি। এখন যদি ভূমি কমিশনের চেয়ারম্যান একক ক্ষমতাবলে ভূমিবিরোধ নিষ্পত্তি করতে চান, তাহলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আরও জটিল আকার ধারণ করবে। এ বিষয়ে আর কারও সন্দেহ থাকবে না।বিচারপতি খাদেমুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনে চেয়ারম্যান হিসেবে গত ২০ জুলাই ২০০৯ তারিখে যোগদান করেন। তাঁর এই নিয়োগ তিন বছরের জন্য। আগামী ১৯ জুলাই ২০১২ তারিখে তাঁর নিয়োগের মেয়াদ শেষ হবে।