আইনের মারপ্যাঁচে থেমে আছে বিচার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শামছুর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়নি এখনো। ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ পত্রিকার যশোর কার্যালয়ে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।শামছুর রহমান হত্যাকাণ্ডের পর তাঁর স্ত্রী সেলিনা আকতার ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। গত ছয় বছর ধরে ওই মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।২০০১ সালে এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। পরে চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার বর্ধিত তদন্ত শেষে ইত্তেফাক পত্রিকার সাংবাদিক ফারাজী আজমল হোসেনকে নতুন করে আসামি করা হয়। বাদ দেওয়া হয় মামলার অনেক সাক্ষীকে।২০০৫ সালের জুনে মামলার সব আসামির বিরুদ্ধে যশোরের বিশেষ জজ আদালতে অভিযোগ গঠন করা হয়। একই বছরের জুলাইয়ে মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়।মামলার বাদী সেলিনা আকতার ২০০৫ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার অন্যতম আসামি খুলনার সন্ত্রাসী মুশফিকুর রহমান পলাতক। মামলার অন্যান্য আসামির সঙ্গে খুলনার সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে। ফলে তাঁর পক্ষে খুলনায় গিয়ে মামলা চালানো সম্ভব নয়। এর পরিপ্রেক্ষিতে ‘মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেওয়া হবে না’—তা জানাতে সরকারের ওপর রুলনিশি জারি করেন আদালত। সরকারের পক্ষ থেকে জবাব না দেওয়ায় সেই থেকে মামলাটির বিচারপ্রক্রিয়া থমকে আছে।এদিকে, মামলার পুনঃ তদন্তের দাবিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।হত্যাকাণ্ডের ১১তম বার্ষিকী উপলক্ষে জেইউজে তিন দিনের কর্মসূচির আয়োজন করেছে। আজ শনিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।গতকাল শুক্রবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে ও নিহত শামছুর রহমানের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।