বাংলাদেশে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজনীতিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের প্রশ্নের মুখে পড়লেন সরকারি দলের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার লন্ডনে হাউস অব লর্ডসের একটি কমিটি-কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ-নির্বাচন, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক এক সেমিনারে এ বিতর্ক হয়।
লর্ড অ্যাভবেরির সভাপতিত্বে আয়োজিত গতকালের এই সেমিনারে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। শুরুতেই বিএনপির অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে লর্ড অ্যাভবেরি বলেন, মামলার কারণে বিদেশে আসতে না পারার জন্য সেমিনারে আসবেন না বলে একেবারে শেষ মুহূর্তে জানিয়েছেন বিএনপির নেতারা। বিএনপির এমন যুক্তিকে ‘ভুয়া’ দাবি করে তিনি বলেন, ‘বিএনপির একাধিক নেতা এখনো লন্ডনে রয়েছেন।’ ২০০৫ সাল থেকে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশবিষয়ক এ ধরনের সেমিনারের আয়োজন করছেন অ্যাভবেরি।
সূচনা বক্তব্যে লর্ড অ্যাভবেরি বাংলাদেশে সম্প্রতি দুই বিদেশিকে হত্যা, পুরান ঢাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিতে হামলা, ব্লগারদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বাংলাদেশে সহিংসতা ও নাশকতার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীকে দায়ী করেন। ১৯৭১-এ স্বাধীনতাবিরোধীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি-জামায়াতের বর্তমান কর্মকাণ্ড অনুধাবন করতে হলে তাদের অতীত ইতিহাস সম্পর্কে জানতে হবে।
এরপর লর্ড কার্লাইল তাঁর বক্তব্যে বর্তমান সময়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থান ও আইনের শাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সমস্যাগুলোর রাজনৈতিক সমাধানের অভাবে ধর্মীয় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। তাঁর মতে, অন্তত লন্ডনের সেমিনারে ভিন্নমত পোষণের মতো পরিবেশ বজায় থাকা জরুরি, যা গতকালের সেমিনারে ছিল না মন্তব্য করে হতাশা প্রকাশ করেন তিনি। এইচ টি ইমামের বক্তব্যকে ইঙ্গিত করে কার্লাইল বলেন, এই বক্তব্যের অনেকটাই গঠনমূলক সংলাপের জন্য সহায়ক নয়। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে কার্লাইল বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফায়েজও যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার মান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন তোলেন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও। আব্বাস ফায়েজ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য বেসরকারি বিজ্ঞাপনী আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু বড় বড় কোম্পানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাছে অভিযোগ করেছে যে দেশের অন্যতম দুটি দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ বিজ্ঞাপন না দিতে তাদের বাধ্য করা হয়েছে। কোন পত্রিকা কী খবর ছাপবে, তা টেলিফোনে ঠিক করে দেওয়া হচ্ছে। আইসিটি আইনের ৫৭ ধারাকে মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
যুদ্ধাপরাধের বিচার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে এমন মন্তব্যে লর্ড কার্লাইল ও আব্বাস ফায়েজের সঙ্গে বিতর্কে জড়ান সরকারের প্রতিনিধিরা। সাংসদ আবদুল মতিন খসরু বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া বর্ণনা করে বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারে সব ধরনের আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশে ২৭টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। রয়েছে হাজার হাজার প্রিন্ট মিডিয়া। সব গণমাধ্যম শতভাগ স্বাধীনতা ভোগ করছে দাবি করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে সমগ্র এশিয়ার মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য। আব্বাস ফায়েজকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যে দুটি পত্রিকার নাম উল্লেখ করেছেন, তাদের প্রচারসংখ্যা বিশ্বমানের।’
এইচ টি ইমাম বলেন, বাংলাদেশে ৩৫০টি দৈনিক পত্রিকা রয়েছে। যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে লর্ড কার্লাইলের আন্তর্জাতিক জ্ঞান নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। প্রতিমন্ত্রী তারানা হালিম অ্যামনেস্টির আব্বাস ফায়েজকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আমেরিকায় যে মৃত্যুদণ্ড রয়েছে, সে বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কী করছে? তিনি আরও বলেন, প্রতিটি দেশ নিজস্ব আইন অনুযায়ী পরিচালিত হয়।
যুদ্ধাপরাধ বিচারের প্রশ্নে উভয় পক্ষে তীব্র বিতর্ক শুরু হলে সেমিনারের সঞ্চালক বাংলাদেশবিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ার অ্যান মেইন শুধু আইনি বিষয়ে আলোচনার জন্য একটি ‘লিগ্যাল কনফারেন্স’ অনুষ্ঠানের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে লর্ড কার্লাইল ও আব্বাস ফায়েজ ইতিবাচক সাড়া দিলেও বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা ছিলেন নীরব।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান সরকারের নানা অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরেন। জবাবে লর্ড অ্যাভবেরি বলেন, ‘দুঃখজনক বিষয়, সংসদের অবস্থা অর্থনৈতিক অগ্রগতির পুরোটাই বিপরীত।’ এ সময় তিনি টেকসই উন্নয়নের জন্য বহুদলীয় গণতন্ত্র জরুরি বলে মন্তব্য করেন। সামাজিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান।
বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সমস্যা তুলে ধরে বক্তব্য দেন অজিত সাহা ও শুশান্ত বড়ুয়া। তাদের উদ্বেগের বিষয়ে জবাব দেন প্রতিমন্ত্রী বীরেন সিকদার। বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম ও সেলিম উদ্দিন বাংলাদেশের নানা ইতিবাচক দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।