আইনের শাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন টেকসই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক বলেছেন, যুক্তরাজ্যের সরকার বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করছে। তিনি মনে করেন, আইনের শাসন ছাড়া অর্থনেতিক উন্নয়ন টেকসই হবে না। তিনি বলেন, তথ্য অধিকারকে কাজে লাগাতে হলে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে এর দুর্নীতি দূর করতে হবে।

গতকাল বুধবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘আর্টিকেল ১৯’ আয়োজিত এক আলোচনা সভায় ব্লেইক এসব কথা বলেন।

জাতীয় মানবাধিকার কমিশনের নবনিযুক্ত কমিশনার অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা বলেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষায় আইনের দুর্বলতা থাকলেও তথ্য অধিকার আইন শক্তিশালী। সাংবাদিকেরা এ আইনটিকে তথ্য জানার অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে পারেন।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, তথ্য অধিকারের পূর্বশর্ত গণতন্ত্র, আইনের শাসন এবং গণমাধ্যমের স্বাধীনতা। সরকারের হস্তক্ষেপ ও জঙ্গিবাদের উত্থানের ফলে বাংলাদেশে এ স্বাধীনতা অনেকটাই সংকুচিত।

আর্টিকেল ১৯-এর পক্ষ থেকে নিহত প্রকাশক ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং নিহত লেখক, ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায়কে ‘স্মরণীয় যাঁরা’ নামের একটি ডিভিডি উপহার দেওয়া হয়। এ ছাড়া সভায় তথ্য সহযোগিতার ওয়েবসাইট nirbhoy.org এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক তাহমিনা রহমান।