সরকারি মৌলিক প্রতিষ্ঠানগুলোর ওপর দলীয় প্রভাবের কারণে ওই সব প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা কাজের প্রতি আস্থা হারিয়েছেন। যাঁরা রাষ্ট্রক্ষমতায় থাকেন, তাঁদের সদিচ্ছা ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে মানবাধিকার লঙ্ঘন কমে যাবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল শনিবার গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে ‘জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ২০১৩’ শিরোনামে প্রকাশিত সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।
টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের কার্যক্রম পরিচালনার জন্য টাকা উত্তোলন ও খরচ করা হয় সরকারের অনুমতি নিয়ে। এর পরও কেন এ বিষয়ে প্রশ্ন ওঠে, তা আমার জানা নেই।’
জেলা মানবাধিকার ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। ফোরামের আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. এহছানে এলাহী, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ঊর্ধ্বতন পরিচালক সানাইয়া ফাহিম আনসারী প্রমুখ।