আইনের শাসন প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্টের চেষ্টায় আইনজীবীদের সহযোগিতার ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আইনজীবীদের অবদান কম নয়। ...আপনারা আইনজীবীরা যদি সহযোগিতা না করেন, তাহলে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারব না। আমরা...আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলস চেষ্টা করে যাচ্ছি।’
বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, সাবেক সাংসদ ও বিশিষ্ট আইনজীবী প্রয়াত এম আব্দুর রহিম স্মরণে গতকাল বুধবার বিকেলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা ও দোয়ার আয়োজন করে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।
প্রয়াত আব্দুর রহিমের ছেলে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘বাবার পাঁচ বছর বয়সে দাদা মারা যান। সবাই বাবাকে কৃষি ও ব্যবসার কথা বলতেন। কিন্তু তিনি তা না করে শিক্ষা, সমাজ সেবা ও রাজনীতিতে আত্মনিয়োগ করেন। বাবার সম্পত্তি ছিল ১২২ বিঘার মতো। এখন সেটি হবে ৪০-৪২ বিঘার মতো। অথচ তিনি ভালো আইনজীবীও ছিলেন। তিনি সম্পত্তি বিক্রি করেছেন, রাজনীতি করেছেন। কিন্তু আজকের রাজনীতিতে সম্পত্তি যোগ হয়, বাবার সম্পত্তি যোগ হয়নি।’ সভায় অন্যান্যের মধ্যে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, খন্দকার মাহবুব হোসেন, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন ও জমির উদ্দিন সরকার বক্তব্য দেন।