আইনজীবীদের পেশাগত উৎকর্ষের জন্য তাঁদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন গণফোরামের সভাপতি ও আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেছেন, আইনের শাসন বাঁচাতে হলে আইনজীবীদের দলাদলি বন্ধ করতে হবে। তাঁদের ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, আইনজীবীদের মধ্যে দলীয় চিন্তাভাবনা ঢুকিয়ে তাঁদের বিভক্ত করা হচ্ছে। দলীয় ভিত্তিতে তাঁদের সুযোগসুবিধা দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। দেশের সব বড় বড় অর্জন ঐক্যের মাধ্যমে। তিনি বলেন, ‘অনেকে কোটি টাকা ফি নিয়ে মামলা করছেন। এটা লজ্জা, লজ্জা। আমরা অনেক বড় বড় মামলায় ফি নিইনি।’ এ ক্ষেত্রে তিনি ইত্তেফাক ও সংবাদ-এর মামলা এবং আগরতলা ষড়যন্ত্র মামলার কথা উল্লেখ করে বলেন, ‘এসব মামলা থেকে এক টাকাও ফি নিইনি।’
ড. কামাল হোসেন বলেন, ‘আইনজীবীদের মধ্যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটকে একঘরে করতে হবে। যারা সহজ উপায়ে, দুই নম্বরি করে পয়সা কামায়, তারা আইনজীবী না। এরা টাউট। এরা নিজেদের খুব ভাগ্যবান মনে করে। কিন্তু তারা দুর্ভাগ্যবান ছাড়া কিছুই না।’ তিনি বলেন, আইন পেশাকে বাঁচাতে হলে আইনের শাসনকে বাঁচাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন মো. হেলাল উদ্দিন ও সুব্রত চৌধুরী।
আলোচনা সভায় আসন্ন বার কাউন্সিল নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ, দলনিরপেক্ষ ‘আইনজীবী ঐক্যফ্রন্ট’ মনোনীত প্যানেলকে বিজয়ী করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়।