আইনের শাসন মেনে সন্ত্রাস দমনের আহ্বান যুক্তরাজ্যের
সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে বাংলাদেশ সরকারের ‘জিরো টলারেন্স’ নীতিকে সমর্থন করে যুক্তরাজ্য। তবে আইনের শাসন মেনে এবং মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনায় রেখে তা করার আহ্বান জানিয়েছে দেশটি।
সম্প্রতি বাংলাদেশ সফরকালে বাংলাদেশ সরকারকে এমন আহ্বান জানান বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী অলোক শর্মা। ব্রিটিশ পার্লামেন্টে এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দেওয়া লিখিত জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।
১৩ মার্চ বিরোধী দল লেবার পার্টির এমপি জিম কানিংহাম লিখিত প্রশ্নে অলোক শর্মার কাছে সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা সফরকালে ৩ মার্চ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর বৈঠক হয়। এতে তাঁরা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ-সুবিধা, ভিসানীতি, অভিবাসন, কনস্যুলার সেবা এবং গুমের শিকার হওয়া ব্রিটিশ নাগরিক ইয়াসিন তালুকদারের ব্যাপারে কথা বলেন।
অলোক শর্মা বলেন, ‘সন্ত্রাস ও উগ্রবাদ দমনে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির প্রতি যুক্তরাজ্যের জোর সমর্থনের কথা জানিয়েছি। কিন্তু সন্ত্রাসী ও উগ্রবাদ মোকাবিলায় আইনের শাসন এবং মানবাধিকারে আন্তর্জাতিক মানদণ্ডের প্রয়োজনীয়তার বিষয়েও জোর দিয়েছি।’ রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।