আইনের শাসন সূচকে বাংলাদেশ ৯২তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের শাসনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান তলানিতে। ৯৯টি দেশে আইনের শাসন পরিস্থিতি পর্যালোচনা করে একটি তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি)। তালিকায় বাংলাদেশের অবস্থান ৯২তম।
ডব্লিউজেপি যুক্তরাষ্ট্রের ওয়াশিং-টনভিত্তিক একটি সংস্থা। মোট নয়টি বিষয় বিবেচনায় নিয়ে ‘আইনের শাসন সূচক-২০১৪’ তালিকাটি প্রকাশ করেছে গত বুধবার।
আইনের শাসনের দিক দিয়ে এগিয়ে থাকা বিশ্বের প্রথম পাঁচটি দেশের অবস্থান ইউরোপে। দেশগুলো হলো প্রথম থেকে যথাক্রমে ডেনমার্ক (০.৮৮), নরওয়ে (০.৮৮), সুইডেন (০.৮৫), ফিনল্যান্ড (০.৮৪) ও নেদারল্যান্ডস (০.৮৩)।
সবচেয়ে খারাপ অবস্থা লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় (০.৩১)। তাদের অবস্থান ৯৯তম। তাদের আগে আফগানিস্তান ৯৮তম (০.৩৪) ও জিম্বাবুয়ে ৯৭তম (০.৩৪)।
এ তালিকায় দক্ষিণ এশিয়ার মোট পাঁচটি দেশের সবচেয়ে খারাপ অবস্থা পাকিস্তানের। তাদের অবস্থান ৯৬তম (০.৩৬)। বাংলাদেশ (০.৩৯) ও আফগানিস্তান বাদে এ অঞ্চলের অপর দুই দেশ ভারত ৬৬তম (০.৪৮) এবং নেপাল ৫৭তম (০.৫০)।
নয়টি বিষয়ের ওপর ভিত্তি করে ডব্লিউজেপি তালিকাটি তৈরি করেছে। বিষয়গুলো হলো ১. সরকারি ক্ষমতার নিয়ন্ত্রণ। ক্ষমতা নিয়ন্ত্রণে আইন বিভাগ, বিচার বিভাগ, নিরীক্ষা বিভাগসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আমলে নেওয়া হয়েছে।
২. দুর্নীতিমুক্ত পরিস্থিতি। সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের কর্মকর্তা, পুলিশ ও সামরিক কর্মকর্তা এবং আইন বিভাগের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ সংস্থা বা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ফায়দা নেন কিনা, সে বিষয়টি বিবেচনা করা হয়েছে।
৩. উন্মুক্ত সরকারব্যবস্থা। আইনের অভিগম্যতা, আইনের স্থায়িত্ব, মামলা করার অধিকার এবং সরকারি তথ্যের ওপর জনগণের অধিকার এখানে বিবেচ্য ছিল।
৪. মৌলিক অধিকার। একটি রাষ্ট্রে একজন সাধারণ নাগরিক যেসব মৌলিক অধিকার ভোগ করার কথা, সেগুলো পায় কিনা তা আমলে নেওয়া হয়েছে।
৫. আইনশৃঙ্খলা পরিস্থিতি। অপরাধপ্রবণতা কতটা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে।
এ ছাড়া ৬. বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ, ৭. দেওয়ানি বিচারব্যবস্থা, ৮. ফৌজদারি বিচারব্যবস্থা এবং ৯. অনানুষ্ঠানিক বিচারব্যবস্থার পরিস্থিতি পর্যালোচনা। সূত্র: ডব্লিউজেপি ওয়েবসাইট।