ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে আইন বিভাগের শিক্ষকেরা গতকাল শনিবার তাঁদের আন্দোলন কর্মসূচিটি প্রত্যাহার করে নিয়েছেন। এ বিভাগের শিক্ষকদের একটি বড় অংশ গত ১৯ ডিসেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করছিলেন।
আইন বিভাগের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে বিভাগে একটি স্থায়ী পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ড গঠন করা হয়। পুরোনো বিজ্ঞপ্তির সূত্র ধরে এ বোর্ড গঠন করার প্রতিবাদে বিভাগের শিক্ষকদের একটি বড় অংশ গত ১৯ ডিসেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করেন। ওই শিক্ষকেরা এ নিয়োগ বোর্ডকে অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে তাঁরা বিভাগীয় চেয়ারম্যানকে অপসারণের কথা বলেন।
শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ফলে বিভাগের শিক্ষা কার্যক্রম অচল ছিল। ক্লাস-পরীক্ষার দাবিতে বিভাগের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে আইন বিভাগ ও মীর মশারফ হোসেন ভবনে তালা লাগিয়ে দেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে বেলা সোয়া ১১টার দিকে তালা খুলে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে শিক্ষকেরা ক্লাস-পরীক্ষা বর্জন থেকে সরে আসেন। পরে গতকাল বিভাগে ক্লাস নেওয়া হয়।
আইন বিভাগের শিক্ষক জহুরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আইন বিভাগের ওই নিয়োগ বোর্ড বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবি জানানো হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে আশ্বস্ত করায় তাঁরা ক্লাসে ফিরে গেছেন।